পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালু প্রসাদ যাদব
লালু প্রসাদ যাদব

ভারতের বিহারে পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় এই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়। আজ বুধবার ঝাড়খন্ডের রাজধানী রাঁচির বিশেষ সিবিআই আদালত এ রায় ঘোষণা করেন।

পশুখাদ্য কেলেঙ্কারির মোট ছয়টি মামলা দায়ের হয় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। এটি তৃতীয় মামলার রায়।

আজ এই মামলার আরেক আসামি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ রুপি জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় বাকি ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

৮৯ কোটি রুপির এই পশুখাদ্য কেনার দুর্নীতি নিয়ে বিহারের সিবিআই আদালতে বেশ কয়েকটি মামলা হয়। এর আগে ২০১৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার জন্য ভুয়া ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিবিআইয়ের দায়ের করা মামলায় লালু প্রসাদকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ লাখ রুপি জরিমানা করা হয়। ওই মামলার রায়ের পর লালু প্রসাদ তাঁর সাংসদ পদ হারান। নির্বাচনে তাঁর অংশগ্রহণের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে লালু প্রসাদ সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান।

গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম রায় ঘোষিত হয় দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার দুর্নীতি মামলার। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী থাকার সময় লালু প্রসাদ ভুয়া ভাউচার দাখিল করে দেওঘর ট্রেজারি থেকে ৮৯ লাখ ২৭ হাজার রুপি আত্মসাৎ করেন। এই মামলায় অবশ্য ২৩ ডিসেম্বর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ সাতজনকে বেকসুর খালাস দেন সিবিআইয়ের ওই বিশেষ আদালত। দোষী সাব্যস্ত করা হয় লালু প্রসাদ যাদবসহ ১৬ জনকে। রায় ঘোষণার পর পুলিশ ওই দিনই লালু প্রসাদকে নিয়ে যায় বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে।

এরপর এ বছরের ৬ জানুয়ারি দেওয়া হয় দ্বিতীয় দেওঘর ট্রেজারির পশু কেলেঙ্কারি মামলায় অর্থ আত্মসাতের রায়। তাতে লালু প্রসাদকে সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রুপি জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।