পশ্চিমবঙ্গ কংগ্রেসের সঙ্গে রাহুলের বৈঠক আজ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দলটির সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধীর বৈঠক হবে আজ সোমবার রাজধানী নয়াদিল্লিতে। বৈঠকে আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জোটসঙ্গী নিয়ে আলোচনা হবে।
রাজ্য কংগ্রেসের নেতারা রাজ্য সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে ইতিমধ্যে দিল্লি চলে গেছেন। সঙ্গে আরও আছেন আবদুল মান্নান, মানস ভূঁইয়া, দীপা দাশমুন্সী, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আগামী মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গ কংগ্রেসের বেশির ভাগ নেতা চান সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে জোট গড়তে। তবে মানস ভূঁইয়ার নেতৃত্বে দলের একটি ক্ষুদ্র অংশ অবশ্য রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে। কিন্তু অধীর চৌধুরী বলেই ফেলেছেন, ‘তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে না। বামফ্রন্টের সঙ্গে জোট করার দাবি উঠেছে একেবারে মাঠ পর্যায়ে। আমরা রাহুল গান্ধীকে সেই কথাটা জানাব। এরপর কংগ্রেসের হাইকমান্ড ঠিক করবে কার সঙ্গে জোট হবে।’
অধীর চৌধুরী বলেন, কংগ্রেস এবং সিপিএম উভয় দলের তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীরা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার হঠাতে হাত মেলাতে চান। এই রাজ্যের সাধারণ মানুষও এখন পরিবর্তন চাইছে। তবে সিপিএম থেকে জোটবদ্ধ হওয়ার কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো তাঁরা পাননি। তিনি বলেন, বাম নেতারা সম্প্রতি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি পত্রিকার মাধ্যমে এ বিষয়ে জেনেছেন।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে এবং পরে ২০১১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ে। বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক চিড় ধরতে শুরু করে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস আলাদাভাবে নির্বাচনে লড়ে।