পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় অমর একুশে উদ্যাপন

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় আজ রোববার উদ্যাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা আন্দোলনের এই মহান দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কলকাতার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল শনিবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে আয়োজন করা হয় ভাষা দিবসের নানা অনুষ্ঠানের। নবজাগরণ ও ভাষা চেতনা সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকেও যোগ দেন ২৫ জন শিল্পী। পরিবেশন করেন সংগীত, নাটক ও নৃত্য। অনুষ্ঠানের সূচনা করেন নাট্যকার তপন মিত্র। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। রাত ১২টা এক মিনিটে মশাল মিছিলও কের করা হয় এই চত্বরে। সারা রাত ধরে চলে কবিতা, গান, নাটক ও নাচের অনুষ্ঠান।

সকালে পার্ক সার্কাস এলাকায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন গ্রন্থাগার থেকে বের হয় প্রভাতফেরি। এতে অংশ নেন কলকাতার বিশিষ্টজনরা। এরপরই উপহাইকমিশনে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের সূচনা হয়। আলোচনা সভা শেষে বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কলকাতার বিভিন্ন কনস্যুলেট অফিসের শিল্পীরা। তারা নিজ নিজ দেশের ভাষায় সংগীত পরিবেশন করেন। ছিল ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, জার্মানি ও ভুটানের শিল্পীরা। কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরাও সংগীত পরিবেশন করেন।

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিও দিনটি পালন করে। কলকাতার ভাষা শহীদ স্মারক সমিতি কার্জন পার্কে অবস্থিত ভাষা উদ্যানের শহীদ স্মারকে সকালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির সূচনা করে। এখানে উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ। দিনভর চলে অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। কলকাতার বেলেঘাটা মোড়ে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ধাঁচে গড়া শহীদ মিনারেও এদিন শ্রদ্ধা জানান বাংলা ভাষা প্রেমীরা।

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও গ্রামের স্কুল-কলেজেও দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। ভাষা সৈনিক বরকতের গ্রাম বাবলাতেও দিনটি পালিত হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে। বরকতের স্কুল তালিবপুর হাইস্কুলেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।