পশ্চিমবঙ্গ বিধানসভার আগাম নির্বাচন?
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০১৬ সালের এপ্রিল-মে মাসে। কিন্তু সম্প্রতি কলকাতা পৌর করপোরেশন এবং রাজ্যের আরও ৯১টি পৌরসভার নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাফল্যে আত্মবিশ্বাসী হয়ে ওঠা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার নির্বাচন এগিয়ে আনার কথা ভাবছেন।
এ বছরেরই নভেম্বর-ডিসেম্বর মাসে বিধানসভার নির্বাচন করার জন্য তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য—পৌর নির্বাচনের সাফল্য ধরে রাখা। বিশেষ করে গত বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে বিজেপি নেতা নরেন্দ্র মোদির হাওয়া বেশ জোরদার ছিল। কিন্তু এবারের পৌর নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এই রাজ্যে বিজেপির হাওয়া দিনে দিনে থিতিয়ে পড়ছে। অন্যদিকে ২০০৯ সাল থেকে বামফ্রন্টের জনপ্রিয়তায় যে ভাটার টান শুরু হয়েছিল এখনো তা অব্যাহত। দলের সূত্র বলছে, এই সব দিক ভেবেই মমতা চাইছেন, রাজ্য বিধানসভার নির্বাচন এগিয়ে আনতে। মমতার বিশ্বাস, এতে তাঁর দলের জয়ের ধারা বজায় রাখা যাবে।