পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট চলছে
কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আজ রোববার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট চলছে।
সাতটি জেলার ৫৬টি বিধানসভা আসনে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
জেলা সাতটি হলো আলীপুরদুয়ার (৫টি আসন), জলপাইগুড়ি (৭টি আসন), দার্জিলিং (৬টি আসন), উত্তর দিনাজপুর (৯টি আসন), দক্ষিণ দিনাজপুর (৬টি আসন), মালদহ (১২টি আসন) ও বীরভূম (১১টি আসন)।
আসনগুলোতে মূলত বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূল, বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের লড়াই হচ্ছে।
দ্বিতীয় দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থাই নিয়েছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সকালেই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
বিভিন্ন ভোটকেন্দ্রে বিরোধী দলের এজেন্ট ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব তৎপরতার জন্য তৃণমূলের কর্মী-সমর্থকদের দায়ী করা হচ্ছে।
বীরভূমের বোলপুর কেন্দ্রের ইলামবাজারে শাসক দলের হাতে বিজেপি ও বাম দলের আটজন পোলিং এজেন্ট মারধরের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জে কংগ্রেসের নির্বাচনী অফিস এবং কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
নানুরে বাম এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
আরও একাধিক স্থান থেকে নানা অভিযোগ এসেছে।
প্রথম দফার দুই পর্বের নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্ন করতে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। টহলদারির জন্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ গাড়ি।
সাত জেলায় ভোটের দিন গোলমাল করতে পারে—এমন ৩ হাজার ৮২৭ জনের নাম চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ২ হাজার ৯০৯টি বুথকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে।
৯ হাজার ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, বোমা, গুলি ও অস্ত্র।
দ্বিতীয় দফায় ১৩ হাজার ৬৪৫টি বুথে ভোট নেওয়া হচ্ছে। ভোটার ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ৬০৯ জন। এবার ৫৬ আসনে প্রার্থী ৩৮৩ জন।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই ৫৬টি আসনের মধ্যে ২৬টি আসন পেয়েছিল তৃণমূল। বামফ্রন্ট পেয়েছিল ১৩টি আসন। কংগ্রেস পেয়েছিল ১২টি আসন। গোর্খা জনমুক্তি মোর্চা তিনটি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছিলেন দুটি আসন।
এর আগে ৪ ও ১১ এপ্রিল প্রথম দফার দুই পর্বের নির্বাচন হয় ৪৯টি আসনে।
ভাগ্য পরীক্ষা
আজকের নির্বাচনে বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। এর মধ্যে রয়েছেন বীরভূমের ময়ূরেশ্বর আসনে বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, জলপাইগুড়ির ডাবগ্রা-ফুলবাড়ি আসনে তৃণমূলের প্রার্থী মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলার শিলিগুড়ি আসনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী অশোক ভট্টাচার্য ও তৃণমূল প্রার্থী প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া।
তারকা প্রার্থীদের মধ্যে আরও আছেন বীরভূমের সিউরি আসনে বিজেপির প্রার্থী অভিনেতা জয় ব্যানার্জি, মালদহের ইংরেজবাজার আসনে তৃণমূলের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদহের চাঁচলে সংগীতশিল্পী সৌমিত্র রায়, দার্জিলিংয়ের কালিম্পং আসনে হরকা বাহাদুর ছেত্রী, উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল প্রার্থী মন্ত্রী আবদুল করিম চৌধুরী, মালদহের সুজাপুরে তৃণমূল প্রার্থী আবু নাসের খান চৌধুরী, উত্তর দিনাজপুরে ইটাহার আসনে সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনে আরএসপি প্রার্থী সাবেক মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রমুখ।