পশ্চিমবঙ্গ বিধানসভায় পুলিশ কর্মকর্তাও প্রার্থী!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে সমালোচনা। এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, রাজ্য পুলিশ নিরপেক্ষ নয়।
গত শুক্রবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী তফসিল ঘোষণা করে। ওই দিনই মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪টি আসনের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষণায় বলা হয়, জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর লড়বেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম আসনে। এ খবর শুনে ওই দিন নিজ দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে কুজুর জানিয়ে দেন, তিনি বিধায়ক হলে কি কি করবেন।
একজন কর্মরত পুলিশ সুপারকে মনোনয়ন দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়। আর এর জেরেই কুজুর শনিবার তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ বাম দলের নেতারা শনিবার রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানান।
সিপিএম নেতা রবীন দেব বলেছেন, শাসক দলের মনোনয়ন পাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা দপ্তরে বসেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এটা আইন বিরুদ্ধ।
রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ওই পুলিশ কর্মকর্তার প্রার্থী পদ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধান নির্বচন কমিশনারের কাছে। তিনি প্রশ্ন তোলেন, কেন তিনি এখনো সরকারি বাংলো দখলে রেখেছেন। যদিও পুলিশ কর্মকর্তা বলেছেন, তিনি এখনো মনোনয়নপত্র জমা দেননি বা প্রচারও শুরু করেননি।
এদিকে জলপাইগুড়ির জেলা কংগ্রেস থেকে অভিযোগ করা হয়েছে, গত চার বছরে একাধিকবার স্মারকলিপি দিতে গিয়ে তাঁরা বুঝেছিলেন, কুজুর একজন তৃণমূল নেতার মতো কথা বলছেন।
ভোটার তালিকায় সাবেক ছিটমহলবাসীদের নাম:
ভারতের নির্বাচন কমিশন থেকে সাবেক ছিটমহলবাসীদের ভোট দেওয়ার কথা ঘোষণা করার পর এবার কোচবিহারের সাবেক ছিটমহল এলাকার বাসিন্দাদের ভোটার পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক ছিটমহলের ১৪ হাজার ৮৬৪ জন বাসিন্দা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এর মধ্যে প্রাপ্তবয়স্কের সংখ্যা নয় হাজার ৫৪৬ জন। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় সাবেক ১১১টি ছিটমহল থেকে ভারতে আসেন ৯২১ জন বাসিন্দা। এদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদেরও এবার দেওয়া হচ্ছে ভোটার পরিচয়পত্র।
খরচ সর্বোচ্চ ২৮ লাখ রুপি
ভারতের নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৮ লাখ রুপি খরচ করতে পারবেন। আর তা খরচ করতে হবে ব্যাংক হিসাবের মাধ্যমে। এ জন্য প্রত্যেক প্রার্থীকে খুলতে হবে একটি ব্যাংক হিসাব। আর সব আয়-ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করতে হবে ওই ব্যাংক হিসাবে এবং তা দেখাতে হবে নির্বাচন কমিশনের নিযুক্ত প্রতিনিধিকে। আরও বলা হয়েছে, কোনো প্রার্থীর নগদে ডোনেশন নিতে হলে তা ২০ হাজার রুপির বেশি নিতে পারবেন না। এর বেশি হলে তা নিতে হবে ব্যাংক চেক বা ড্রাফটের মাধ্যমে। ভোট শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এই আয়-ব্যয়ের হিসাব দিতে হবে প্রার্থীদের।