পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন কমিশনারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি রাজ্যেপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। 

সুশান্ত উপাধ্যায়ের স্থলে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে রাজ্যের পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
গত শনিবার পশ্চিমবঙ্গের বিধাননগর (সল্টলেক), আসানসোল এবং বালি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক কারচুপি, ভোট ডাকাতি, জালভোট, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভোটকেন্দ্রে ভোটারদের যেতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচনে বিভিন্ন সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিককে মারধর করা হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সুধী সমাজ থেকে এই নির্বাচন বাতিলের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায় নির্বাচনের ভোট গণনা স্থগিত করেন।
নির্বাচনের ভোট গণনা স্থগিত করে সুশান্ত রঞ্জন উপাধ্যায় বলেন, নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তিনি পেয়েছেন। তিনি বিভিন্ন বুথের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন। নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তে বিরোধী বাম দল, কংগ্রেস এবং বিজেপি খুশি হলেও তৃণমূল কংগ্রেস বিক্ষোভে ফেটে পড়ে। আজ তারা কলকাতায় বিরাট সমাবেশও করে। এরপরই রাজনৈতিক চাপের মুখে পড়ে নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন সুশান্ত উপাধ্যায়।
কাল বুধবার নির্বাচনের ফল ঘোষণার কথা।