পশ্চিমবঙ্গ সরকার সংঘর্ষ সামলাতে ব্যর্থ: ত্রিপাঠি

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বর্ধমানের আসানসোল ও রানীগঞ্জে গোষ্ঠীগত সংঘর্ষ সামলাতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লেখা এক চিঠিতে এ কথা বলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। আজ শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সূত্রে এই খবর জানা যায়।
রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও রাজ্যপাল কেশরীনাথ সংঘর্ষস্থল আসানসোল ও রানীগঞ্জে ছুটে যান। সেখানে তিনি বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এবং সংঘর্ষে আহত ও নিহত লোকজনের স্বজনদের সঙ্গে কথা বলেন। প্রশাসনিক পর্যায়ে বৈঠকও করেন কেশরীনাথ ত্রিপাঠি। এরপর তিনি কলকাতায় ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিতে লেখেন, ‘রাজ্য সরকার আসানসোল ও রানীগঞ্জে গোষ্ঠীগত সংঘর্ষ সামলাতে ব্যর্থ হয়েছে।’ রাজ্যপালের এই চিঠি পেয়ে বিস্মিত হয়েছেন রাজ্য সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারাও।
শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিভিন্ন সংগঠন যে রামনবমীতে শোভাযাত্রা বের করবে, তা পুলিশের অজানা ছিল না। বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের হওয়ার কথাও জানত পুলিশ। কোনো রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানের কথা জানা গেলে গোয়েন্দা বাহিনী তার আগাম খবর সংগ্রহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসানসোল ও রানীগঞ্জের অশান্তির আশঙ্কার কোনো আগাম খবর গোয়েন্দা বাহিনীর কাছে ছিল না।
সংঘর্ষের ঘটনা গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। অবশ্য তিনি বলছেন, ‘গোয়েন্দা ব্যর্থতাই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠার একমাত্র কারণ নয়, স্থানীয় পুলিশ সব জেনেশুনে রামনবমীর মিছিলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োজিত করেনি। ফলে গোলমাল দ্রুত ছড়িয়ে পড়লেও পুলিশের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’
কেশরীনাথ ত্রিপাঠি চিঠিতে আরও লেখেন, ‘সময়মতো গোষ্ঠী সংঘর্ষ ঠেকানো পুলিশের কাজ। কিন্তু ঠিক যে সময়ে পুলিশের কঠোর হওয়া উচিত ছিল, সে সময় পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে প্রাণ ও সম্পত্তি হানি বেশি হয়েছে।’
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোল ও রানীগঞ্জে রামনবমীতে অস্ত্র মিছিলকে কেন্দ্র করে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাগে। এতে গত কয়েক দিনে দফায়-দফায় সংঘর্ষে অন্তত নয়জন নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েক জন।