পশ্চিমবঙ্গে হরতাল চলছে

পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সন্ত্রাস ও ভোট কারচুপির প্রতিবাদে রাজ্য সরকারের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে আজ বৃহস্পতিবার রাজ্যজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ইতিমধ্যে বিরোধী দলগুলোর দাবি, হরতাল সর্বাত্মক হচ্ছে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই হরতাল প্রতিহত করার জন্য নির্দেশিকা জারি করেছে। পুলিশকে সেভাবে নির্দেশ দিয়েছে। পাশাপাশি দলের নেতা-কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দেয়।
সিপিএমের শ্রমিক সংগঠন সিটুসহ ১০টি বাম শ্রমিক সংগঠন আজ ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। সমর্থন করেছে এসইউসিআইসহ আরও কয়েকটি দল। এ ছাড়া আজ আলাদাভাবে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে রাজ্য বিজেপি।
এদিকে এই হরতাল ও ধর্মঘট প্রতিহত করতে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা-কর্মী ও সমর্থকেরা মাঠে নেমেছে। তারা আজ রাজ্যের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের ওপর হামলা চালায়। আসানসোল ও পানিহাটিতে সিপিএমের মিছিলের ওপর হামলা চালায় পুলিশ এবং সরকারি দলের সমর্থকেরা। হাওড়ার গোলাবাড়ি, কলকাতার জোড়াসাঁকো এবং কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় সরকারি বাস ভাঙচুর হয়। জলপাইগুড়িতে সিপিএমের মিছিলে হামলা চালানো হয়। এখান থেকে ৮০ জন সিপিএম সমর্থককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয় সিপিএমের জেলা সম্পাদক মানিক সান্যাল। বর্ধমানের দুর্গাপুরের মুচিপাড়ায় গ্রেপ্তার করা হয় ৩৭০ জনকে। বহরমপুরেও হরতালকারীদের ওপর হামলা চালায় সরকারি দলের সমর্থকেরা। উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়। দেগঙ্গায় বিজেপি অফিস ভাঙচুর করা হয়। কলকাতায় এই হরতাল ব্যাপক সাড়া ফেলেছে।
আজ সকালেই হরতাল সমর্থকদের অবরোধের কারণে শিয়ালদহ ও হাওড়া লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। রাজ্যের বিভিন্ন স্থানে বাস চলাচল বন্ধ আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে উঠে যায় বিভিন্ন যানবাহন। দোকানও খোলেনি বহু এলাকায়। শহরের অধিকাংশ রাস্তাঘাট ছিল সুনসান। রাজ্য সরকার এদিন কলকাতার রাস্তায় বেশ কিছু সরকারি বাস ও ট্রাম চালালেও যাত্রী ছিল কম। কলকাতার সল্টলেক, নিউটাউন, রাজারহাট, ধর্মতলা, বালিগঞ্জ, পার্ক সার্কাস, শিয়ালদহ, হাওড়া এলাকায় কার্যত যানবাহনের সংখ্যা ছিল নিতান্তই কম। কলকাতায় আজ হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল বের করা হয়। কলকাতার শ্যামলী পরিবহনের কর্ণধার অবনি ঘোষ প্রথম আলোকে জানান, সকালে কড়া পুলিশ পাহারায় ঢাকার উদ্দেশ্যে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস যথারীতি ছেড়ে যায়।
আজ সরকারি অফিসেও উপস্থিতি ছিল কম। যদিও গতকাল রাজ্য সরকার এক নির্দেশিকায় বলেছিল, কোনো সরকারি কর্মী হরতালে দিন অফিসে অনুপস্থিত থাকলে তাঁর একদিনের বেতন কেটে নেওয়া হবে। পাশাপাশি তাঁর চাকরি একদিনের জন্য বিচ্ছিন্ন হবে।