পশ্চিমবঙ্গকে পতনের দিকে নিয়ে যাচ্ছে মমতা: অমিত শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েও পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনের বদলে হয়েছে পতন। পশ্চিমবঙ্গকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ সোমবার পশ্চিমবঙ্গের কলকাতার পার্শ্ববর্তী হাওড়ার ডুমুর জলা ময়দানে বিজেপির এক সমাবেশে অমিত শাহ এসব কথা বলেন। গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে আজ পশ্চিমবঙ্গের আসেন তিনি।
অমিত শাহ বলেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েও এই রাজ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনের বদলে হয়েছে পতন। এখন এই পশ্চিমবঙ্গকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন মমতা। পুলিশের মনোবল ভেঙে দিচ্ছে এই সরকার। অমিত শাহ এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি বিভিন্ন জনসভা করলেও আজকের মতো এত তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেননি। বিজেপি সভাপতি বলেন, বাংলায় কোনো শিল্প কারখানা হয়নি, হয়েছে এখানে বেআইনি চিটফান্ড।
পশ্চিমবঙ্গ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অমিত শাহ প্রশ্ন তুলে বলেন, সারদা ও রোজভ্যালি চিটফান্ডের টাকা গেল কোথায়? মানুষ জানে কারা নিয়েছেন এই টাকা, কেন কোটি কোটি টাকায় মমতার ছবি বিক্রি হলো? তিনি বলেন, সারা বিশ্ব মমতাকে চেনে মুখ্যমন্ত্রী হিসাবে আর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িতরা চেনেন চিত্রশিল্পী হিসাবে। কারা কিনেছেন মমতার ছবি সবাই তা জানে।
অমিত শাহ দাবি করেন, জাল নোটের গেটওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। ভোটব্যাংকের দিকে তাকিয়ে চিটফান্ড, অনুপ্রবেশ এবং জাল নোটের ব্যবসায় মদদ দিয়েছে তৃণমূল। দেশ বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়েছে এই তৃণমূল সরকার। তিনি দাবি করেন, মমতাও চিটফান্ডের সঙ্গে জড়িত।
অমিত শাহ বলেন, আগে কংগ্রেস ও বাম দল পশ্চিমবঙ্গের সর্বনাশ করে গেছে। এখন করছে তৃণমূল। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী এর যোগ্য জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।