পশ্চিমবঙ্গকে 'তৃণমূলমুক্ত' করার ডাক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে তৃণমূল কংগ্রেসমুক্ত করার আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা ও সাংসদ মুহম্মদ সেলিম। দলের রাজ্য কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সেলিম বলেন, পশ্চিমবঙ্গের বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। জোট গড়েছে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। ...অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে এবার এই রাজ্য থেকে বিদায় নিতে হবে তৃণমূলকে।
কংগ্রেস-বাম জোটে রাহুলের সায়: এদিকে গতকাল দিল্লিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী কংগ্রেস-বাম জোট নিয়ে এক বৈঠক করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। অধীর চৌধুরী পরে সাংবাদিকদের জানান, কংগ্রেস-বাম জোটকে স্বাগত জানিয়েছেন রাহুল। এর ফলে কংগ্রেস-বাম দলের জোট নিয়ে আর কোনো বাধা থাকছে না।
রাজ্য কংগ্রেস মঙ্গলবার রাতে তাদের ৭৫ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর আগে গত সোমবার বাম-কংগ্রেস জোটের পক্ষে বাম দল কংগ্রেসের জন্য কিছু ছেড়ে দিয়ে ১১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। বাকি আসনগুলো নিয়ে দুই দলের আলোচনা চলছে।