পশ্চিমবঙ্গে ‘অশনি’র ভয় কেটে যাচ্ছে
পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে শঙ্কা কেটে যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় আঘাত করার কথা থাকলেও গতকাল সোমবার রাতেই অশনি দুর্বল হয়ে পড়েছে বলে আবহাওয়া অফিসের খবর। ঝড়ের তেজ কমেছে। আবহাওয়াবিদেরা বলেন, অশনি এবার বিলীন হয়ে যাবে সমুদ্রেই। ফলে অশনির জন্য যেভাবে ভয় তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, এবার সেই ভয় থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। তবে এই অশনির প্রভাবে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গেও চলবে এই বৃষ্টি।
কলকাতার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, অশনি স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ ওডিশা উপকূল থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হলেও অশনির শক্তিক্ষয় অব্যাহত থাকবে। এটি শেষ পর্যন্ত দুর্বল হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
তাই ঘূর্ণিঝড়ের প্রভাব আপাতত কাটলেও শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে।
আজ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গনেশ দাস সাংবাদিকদের জানান, রাজ্যের উপকূল থেকে অনেকটা দূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অশনি। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বাতাস বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। যদিও ইতিমধ্যে অশনির শক্তিক্ষয় হয়ে সমুদ্রেই বিলীন হওয়ার পথেই রয়েছে।
গতকাল সকালের পর সন্ধ্যায় অশনির প্রভাবে কলকাতায় বৃষ্টিতে ডুবেও গেছে বহু এলাকা। রাজ্যের পর্যটন এলাকা দিঘা, মন্দার মণি, তাজপুর, শংকরপুরসহ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের সাধারণ মানুষের মনে অশনি দুর্বল হয়ে পড়ায় স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।