বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে সব কারখানা বন্ধ হয়ে গেছে। এখন শুধু আছে বোমা তৈরির কারখানা।
আজ বুধবার সকালে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলেন তিনি। পশ্চিমবঙ্গ এসে তিনি গতকাল মঙ্গলবার সভা করেন দার্জিলিং জেলার নকশালবাড়িতে।
প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ‘সারদা থেকে নারদ—সব দুর্নীতিকাণ্ডে জড়িয়ে গেছেন এ রাজ্যের তৃণমূলের নেতারা। নারদকাণ্ডে ক্যামেরার সামনে টাকা নিয়ে ফেঁসে যাওয়া তৃণমূলের নেতারা এখন ষড়যন্ত্রের প্রশ্ন তুলেছেন। কিন্তু গোটা বিশ্ব তো দেখেছে তৃণমূল নেতাদের ঘুষের টাকা নেওয়ার দৃশ্য।’
অমিত শাহ বলেন, নোট বাতিলের সময় মমতা এর বিরোধিতা করেছিলেন। অথচ জাল নোট ধরার জন্য তৎপর হননি। তিনি বলেন, মমতার এখন ভয় বাম নয়, ভয় বিজেপিকে। তিনি জোর দিয়ে বলেন, মমতা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছেন। বিজেপি হিংসার রাজনীতি করে না। হিংসার রাজনীতি করে তৃণমূল। ২০১৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনে এই বাংলায় সবচেয়ে বেশি আসন বিজেপি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এরপরেই তিনি চলে যান ভবানীপুরে। ভবানীপুরের গণেশ মন্দিরের সামনে একটি বৈঠকও করেন। এরপরে তিনি চেতলা লকগেট এলাকার বস্তির একটি বাড়িতে যান এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন।