পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বললেন বিজেপি নেতারা
ভারতের পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা বলছেন বিজেপির নেতারা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় বলেছেন, জানুয়ারি থেকে এ রাজ্যের উদ্বাস্তু এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগেই উদ্বাস্তুরা পেয়ে যাবেন ভারতের নাগরিকত্ব। গতকাল শনিবার তিনি এ ঘোষণা দেন।
বিজয় বর্গীয় আরও বলেছেন, বিজেপি কথা দিয়ে কথা রাখে। রাজ্যের উদ্বাস্তু ও শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই লক্ষ্যে বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছে। এবার জানুয়ারি থেকেই এই রাজ্যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এ লক্ষ্যে বিজেপি সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়া সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বিজেপির নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল।
মতুয়াদের বিজেপির পক্ষে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন। মতুয়ারা এই রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের ভোটের নিয়ন্ত্রক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এগিয়ে আসায় নাগরিকত্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিজেপির রাজ্য নেতৃত্ব অস্বস্তিতে পড়েছিল। অস্বস্তি কাটাতে গতকাল শনিবার বিজেপির এই রাজ্যে নতুন করে ‘আর নয় অন্যায়’ প্রকল্প শুরু করেছে।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ‘দুয়ারে সরকার’ নামের যে কর্মসূচি শুরু করেছে, তার জবাবে বিজেপি নতুন কর্মসূচি দিয়েছে। তৃণমূল ১ ডিসেম্বর থেকে রাজ্যব্যাপী শুরু করেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এই কর্মসূচি শেষ হবে ৩০ জানুয়ারি। কর্মসূচির আওতায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পৌর করপোরেশনে ৮ সপ্তাহ ধরে ৪টি করে ক্যাম্প করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরবে তৃণমূল।