পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম কার্যালয়ে হামলা থামেনি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বৃহস্পতিবার রাজ্যজুড়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা যে তাণ্ডব শুরু করেন, তা শনিবারও অব্যাহত ছিল। শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস ও সিপিএমের অফিস ভাঙচুর করা হয়। এ ছাড়া নির্বাচনের সময় সরকারি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন যেসব পুলিশ কর্মকর্তাকে অপসারণ করেছিল, তাঁদের একজন শনিবার কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন।
শনিবার তৃণমূলের কর্মীরা রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস ও সিপিএমের কার্যালয় দখল করে নেন। মারপিট করা হয় সিপিএমের বহু নেতা-কর্মীকে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বারুইপুরে কংগ্রেস অফিস দখল করে তৃণমূল। নারায়ণগড়ে সিপিএম পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাঁকুড়ায় নবনির্বাচিত সিপিএমের বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়। নানুর ও জামুড়িয়ায় সিপিএম কর্মীদের মারধর করা হয়। এ ছাড়া আরামবাগ, নদীয়া, হুগলি, তারকেশ্বর, ঘাটাল, রাইপুর, কল্যাণী প্রভৃতি এলাকার সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করে কর্মীদের মারপিট করা হয়েছে। বড় জোড়ায় সিপিএম প্রার্থীর গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কলকাতার টালিগঞ্জে সিপিএম অফিসে ভাঙচুর ও সিপিএম নেতার বাড়িতে হামলা করা হয়। আরামবাগে বামদলীয় সাবেক সাংসদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবার ভারতের নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা গ্রহণ করে। এই লক্ষ্যে অভিযোগ পাওয়ার পর রাজ্যের ৬৭ জন সরকারি কর্মকর্তাকে অপসারিত করে সেখানে নতুন নিয়োগ দেয় কমিশন। এতে সন্তুষ্ট হতে পারেননি মমতা। তাই নির্বাচনী প্রচারে নেমে নির্বাচন কমিশনের এই ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে মমতা তাঁর ক্ষোভ প্রকাশ করতে দ্বিধা করেননি। বিশেষ করে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ায় খেপে যান মমতা। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র এবং বিধান নগরের পুলিশ কমিশনার জাভেদ শামীম এবার নির্বাচনে কড়া ভূমিকা নেওয়ায় ভোট ডাকাতেরা আর কোনো সুবিধা করতে পারেনি।
এদিকে মমতা আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি এই অপসারণের যথাযথ ব্যবস্থা নেবেন। বৃহস্পতিবার ভোটে বিপুলভাবে জয়লাভের পর মমতা ওই দিন রাজ্য সচিবালয় নবান্নে বৈঠক করে সিদ্ধান্ত নেন, নির্বাচন কমিশন যে ৬৭ জন কর্মকর্তাকে অপসারণ করেছিল, তাঁদের স্বপদে বহাল করা হবে।
অপসারিত পুলিশ কমিশনার ভারতী ঘোষ গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি মামলা করে আবেদনে বলেন, কোনো তদন্ত ছাড়া তাঁকে অপসারণ করা হয়েছে। কেন তাঁকে সরানো হয়েছে, এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে জানতে চান। ভারতী ঘোষের পক্ষে মামলা করেন আইনজীবী সুমন সেনগুপ্ত।