পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোট, উত্তেজনা ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে ত্রিপুরায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। দলের শাসক ও বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে লড়াই প্রকাশ্যে চলে এসেছে। জোটের বিরোধিতা করে বিরোধী দলের নেতার পদ থেকে ইস্তফা দেওয়ায় সুদীপ রায় বর্মণকে বহিষ্কার করে কংগ্রেস হাইকমান্ড। একই সঙ্গে বহিষ্কার করা হয় দলের রাজ্য যুব সভাপতি সুশান্ত চৌধুরীকে। প্রতিবাদে দলীয় সমর্থকেরা কংগ্রেস অফিসে ব্যাপক ভাঙচুর চালান।

ভাঙচুরকারীদের অভিযোগ, বর্তমান নেতৃত্ব সিপিএমের কাছে দলকে বিক্রি করে দিচ্ছে। এই ভাঙচুরের ঘটনায় রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, সমাজবিরোধীরা কংগ্রেস অফিসে ভাঙচুর চালিয়েছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বীরজিত সিনহার নেতৃত্বে এদিন থানা ঘেরাও কর্মসূচি নেয় কংগ্রেস। কিন্তু সেই কর্মসূচিতে তেমন লোক হয়নি।
এদিকে সুদীপ বর্মণের সমর্থনে দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পালা চলছেই। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই নিজের খাস লোকজনকে নিয়ে কলকাতা উড়ে গিয়েছেন সুদীপ বর্মণ। তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তৃণমূল প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। কলকাতায় রওনা দেওয়ার আগে প্রথম আলোকে তিনি বলেন, ‘সিপিএম ও কংগ্রেসের জোট সুবিধাবাদী জোট। কোনো অবস্থাতেই এই জোট মানব না। রাজ্যের মানুষের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’ তিনি তৃণমূলে যোগ দেবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি রাজ্য কংগ্রেসেরে সাবেক সভাপতি। তবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা তিনি স্বীকার করেন।