পশ্চিমবঙ্গে কমছে করোনার সংক্রমণ
পশ্চিমবঙ্গে এখন ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণের হার। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হার।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫১৫ জন, যা গত জুন মাসের পর সর্বনিম্ন। আর শেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ৪১ জন।
মূলত এ বছরের মার্চ মাস থেকে এই রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর এখন দেখা গেছে ডিসেম্বর মাস থেকে ধীরে ধীরে সেই সংক্রমণের হার কমতে শুরু করেছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, ৬ ডিসেম্বর পর্যন্ত এই রাজ্যে সংক্রমণের হার ছিল ৩ হাজারের কোঠায়। এরপর গত ১৫ দিন ধরে এই হার কমতে শুরু করে। চলে আসে ২ হাজারের কোঠায়। সেই হার এখনো কমার দিকেই রয়েছে।
গত রোববার এই হার ছিল ১ হাজার ৯৭৮ জন। একই চিত্র খোদ কলকাতা শহরেও। ৯ ডিসেম্বর কলকাতা শহরে সংক্রমণ হয়েছিল ৭৫৩ জনের। ১২ ডিসেম্বর সেই সংখ্যা কমে দাঁড়ায় ৬৬২ জনে। ১৬ ডিসেম্বর তা আরও কমে দাঁড়ায় ৫৪৭ জনে। আর ২০ ডিসেম্বর তা দাঁড়ায় ৪৬৮ জনে।
এদিকে গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৩৪২ জন।
রাজ্যে এখন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.১১ শতাংশে। আর সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশে। গতকাল স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যের হাওড়ায় মারা গেছেন ৫ জন, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে ৪ জন করে এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় মারা গেছেন ১ জন করে।
এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ২৯৪ জন, উত্তর ২৪ পরগনায় ২৯১ জন, হুগলিতে ৯৫ জন, দার্জিলিংয়ে ৮০ জন এবং নদীয়ায় ৭৭ জন। সব মিলিয়ে এখন এই রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০১ জন। এর মধ্যে কলকাতায় ২ হাজার ৮৭২, উত্তর ২৪ পরগনায় ২ হাজার ২৪৬, হাওড়ায় ৯৭৪, দক্ষিণ চব্বিশ পরগনায় ৬৫১, হুগলিতে ৪৪৯ এবং পশ্চিম মেদিনীপুরে মারা গেছেন ২৮৬ জন। এর ফলে এই রাজ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৪০১ জন। আর এই রাজ্যে সংক্রমিত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৩৪৩।
এখন পর্যন্ত এই রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ৩৯ জন। আর এখন রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ১৬ হাজার ৯০৩ জন। ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৪২২ জনের। সব মিলিয়ে এই রাজ্যে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ লাখ ৩৫ হাজার ৭৪২ জনের।
এদিকে করোনার সংক্রমণ কমতে শুরু করায় নমুনা পরীক্ষার সংখ্যাও কমে আসছে।
অন্যদিকে করোনা চিকিৎসার জন্য এই রাজ্যের বিভিন্ন জেলায় যেসব সেফ হোম তৈরি করা হয়েছিল, সেই সেফ হোমে করোনা রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গতকাল বলা হয়েছে, কোনো কোনো সেফহোম রোগীহীন হয়ে পড়েছে। সরকারি হাসপাতালেও বহু শয্যা ফাঁকা রয়েছে।