পশ্চিমবঙ্গে কমতির দিকে করোনার দাপট
করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে শুরু করেছে ভারত। কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার ও মৃত্যু। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। এই রাজ্যেও কমতির দিকে রয়েছে নতুন সংক্রমণ ও মৃত্যু।
গতকাল শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১ হাজার ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮১৯ জন। আর শুধু কলকাতায় এই ২৪ ঘণ্টায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। কলকাতায় মৃতের সংখ্যা ৫।
এই সময় রাজ্যের ২৩টি জেলার মধ্যে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুরা, পুরুলিয়া, কালিম্পং, কোচবিহার ও আলীপুরদুয়ার—এই ১৫ জেলায় কেউ করোনায় মারা যাননি।
সরকারি তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১৫ লাখ ৪ হাজার ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৭৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৩৮৯ জন। রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ২৮০ জন।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে নারীদের তুলনায় পুরুষেরা বেশি মারা গেছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এই রাজ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৬৭ দশমিক ৪ শতাংশ পুরুষ। আর ৩২ দশমিক ৬ শতাংশ নারী। ৬১ বছর থেকে ৭৫ বছর বয়সীদের করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৪১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ৪৬ বছর থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে মৃত্যুহার ২৬ দশমিক ৫ শতাংশ, আর ৭৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুর এই হার ২১ দশমিক ৯ শতাংশ।
এর বিপরীতে তুলনামূলক কম বয়সীদের করোনায় মৃত্যু কম হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে, পশ্চিমবঙ্গে ৩১ বছর থেকে ৪৫ বছর বয়সীদের করোনায় মৃত্যুহার ৭ দশমিক ৯ শতাংশ। ১৬ বছর থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যু হার আরও কম, ১ দশমিক ৭ শতাংশ। আর শূন্য থেকে ১৫ বছর বয়সীদের করোনায় মৃত্যুর হার শূন্য দশমিক ৩ শতাংশ।
ডেলটা ধরনের প্রকোপে দ্বিতীয় ঢেউ শুরু হলে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য সব মিলিয়ে ২৫ হাজারের বেশি শয্যা প্রস্তুত রাখা হয়েছিল। এখন করোনার দাপট অনেকটাই কমে যাওয়ায় বিভিন্ন হাসপাতালের শয্যা ফাঁকা হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় মাত্র ৭ শতাংশ শয্যায় করোনা রোগী ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৫৫ জন। সবশেষ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩। করোনায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫ জন।
ভারতে টানা ২৭ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো নতুন রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়।