পশ্চিমবঙ্গে করোনা নিয়ে সেরো সমীক্ষার ফল আশা জাগাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় পরীক্ষার জন্য করোনার নমুনা নেওয়া হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় পরীক্ষার জন্য করোনার নমুনা নেওয়া হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে। তবে রাজ্যের রাজধানী কলকাতাসহ ছয় জেলায় পরিচালিত সেরোলজিক্যাল সার্ভে বা সেরো সমীক্ষায় দেখা গেছে, অনেকেই করোনায় সংক্রমিত হয়ে সেরে উঠেছেন। তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিবডি) তৈরি হয়েছে। এই চিত্র আশা জাগাচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা–সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকাল শনিবারের বুলেটিনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছে ৫২১ জন। এর মধ্যে ১৪১ জন কলকাতার। মারা গেছে ১৩ জন। এর মধ্যে কলকাতার ৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমিত হয়েছে ১৬ হাজার ৭১১ জন। মারা গেছে ৬২৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ২৫৪ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) কলকাতাসহ পশ্চিমবঙ্গের ছয় জেলায় কত শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা জানতে সমীক্ষা চালায়। বাকি পাঁচ জেলা হলো দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া ও ঝাড়গ্রাম।

সমীক্ষার রিপোর্ট গতকাল প্রকাশিত হয়। এতে দেখা যায়, কলকাতার ১৪ দশমিক ৩৯ শতাংশ মানুষ নিজের অজান্তে করোনায় সংক্রমিত হয়ে সেরে উঠেছেন। ছয় জেলার মধ্যে অ্যান্টিবডি তৈরির হার কলকাতায় সর্বোচ্চ।

কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, ‘আমরা সমীক্ষা করে দেখেছি, ভারতের অন্যান্য পৌর করপোরেশনের বস্তির চেয়ে কলকাতা বস্তিতে করোনা সংক্রমণের হার কম। সেটাও আমাদের কাছে আশাব্যঞ্জক। আমরা এখন নজরদারি জোরদার করেছি। পৌরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে জোর প্রচার চালিয়ে যাচ্ছি।’