পশ্চিমবঙ্গে করোনায় মৃতদের সৎকারে নতুন নির্দেশনা
করোনাভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তিদের সৎকারে নতুন নির্দেশনা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করে বলেছে, এখন থেকে করোনায় মৃত ব্যক্তির দেহ হাসপাতাল থেকে তুলে দেওয়া হবে তাঁর পরিবার–পরিজনের কাছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, পরিজনেরা নিজেদের দায়িত্বে সরকারের তালিকাভুক্ত নির্দিষ্ট শ্মশান বা কবরস্থানে ওই মৃতদেহ সৎকার বা দাফন করতে পারবেন। তবে এ সৎকার বা দাফনে মৃত ব্যক্তির ছয় আত্মীয় অংশ নিতে পারবেন।
আগে অবশ্য করোনায় মৃত ব্যক্তির দেহ স্বজনদের কাছে তুলে দেওয়া হতো না। হাসপাতাল বা নার্সিং হোম কর্তৃপক্ষ মৃতদেহ তুলে দিত পৌর কর্তৃপক্ষের হাতে। পৌর কর্তৃপক্ষ ওই মৃতদেহের সৎকার অথবা দাফন করতেন। এবার সেই নিয়ম পাল্টে দিল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ব্যক্তির পরিবার–পরিজনকে তাঁর মরদেহ দেখার সুযোগ করে দিল।
গতকাল রাতে প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, করোনায় মৃত ব্যক্তির দেহ সরকারিভাবে প্লাস্টিকের ব্যাগে প্যাকেট করে দেওয়া হবে। তবে মুখমণ্ডল যাতে দেখা যায়, সে জন্য একটি স্বচ্ছ প্লাস্টিকের আবরণ দেওয়া হবে সেখানটায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কোনো মৃত ব্যক্তির পরিজন যদি লাশ নিজেদের শহর বা গ্রামে সৎকার বা দাফন করতে চান, তা–ও করা যাবে। তবে মরদেহ নিজেদের বাড়িতে নেওয়া যাবে না। নোডাল অফিসারের অনুমতি নিয়ে ওই মৃতদেহ গ্রাম বা নিজেদের শহরে নিয়ে গিয়ে নির্দিষ্ট শ্মশান বা কবরস্থানে দাফন করতে পারবেন।
নির্দেশে আরও বলা হয়েছে, যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে হঠাৎ হাসপাতালে মারা যান, সে ক্ষেত্রে তাঁর করোনার নমুনা পরীক্ষার নামে হাসপাতালে দেহ আটকে রাখা যাবে না। হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে। তারপর ছেড়ে দিতে হবে মৃতদেহ। আরটি–পিসিআর নমুনা পরীক্ষার জন্য আর অযথা সময় ব্যয় করা যাবে না।
এদিকে পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ এখন নিম্নমুখী। গতকাল রাতে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। আর মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪০ জন, আর মারা গেছেন ৩৮ জন। আর গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩৮৬ জন। আর এখন এ রাজ্যে বিভিন্ন হাসপাতাল, সেফহোম ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ৭০ হাজার ১৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের।