পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমণ ও মৃত্যুর নতুন তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর নতুন তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। ছবি: ভাস্কর মুখার্জি
পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর নতুন তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার নতুন তথ্য দেওয়া হয়েছে। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা সংবাদ সন্মেলনে জানান, পদ্ধতির জটিলতার কারণে করোনার সঠিক তথ্য দেওয়া যায়নি। নতুন পদ্ধতিতে পাওয়া তথ্যে এই রাজ্যে এখন পর্যন্ত ১ হাজার ২৫৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু ৬১ জনের। ৯০৮ জন চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন। 

রাজ্য সচিব জানান, এই রাজ্যে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১১৬ জনের। এখন এই রাজ্যের সরকারি কোয়ারেন্টিনে আছেন ৪ হাজার ৮০৭ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৭৫৫ জন।


তবে বিজেপিসহ বিরোধী কংগ্রেস ও বাম দল এই সংখ্যা মনাতে নারাজ। বাম দলের রাজ্য বিধানসভার পরিষদীয় দলের নেতা বিধায়ক সুজন চক্রবর্তী রাজ্য সরকারকে করোনার তথ্য গোপন না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার যখন ৩৩ জনের মৃত্যুর কথা ঘোষণা দেয়, তখন রাজ্যের করোনায় মৃত মানুষের সংখ্যা ছিল ১০৫। এখন সেই সংখ্যা ১২২। তিনি বলেন, এখন মহারাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর হার ৪ দশমিক ২৩ শতাংশ হলেও পশ্চিমবঙ্গে সেই হার ১১ দশমিক ৪৯ শতাংশ।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে গত শুক্রবার জানান, গত ৩০ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে লেখা হয় রাজ্যে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ৫৭। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন। মারা গেছেন ৩৩ জন। ওই একই দিন রাজ্য সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিপোর্ট আকারে জানায়, এই রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩১ জন। এতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্যে গরমিল দেখা গেছে।

করোনার বিস্তার রোধে ভারতে এখন তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। চলবে ১৭ মে পর্যন্ত। তৃতীয় পর্যায়ের লকডাউনে সরকার অনেকটাই ছাড় দিয়েছে। খুলেছে দোকানপাট ও শিল্পকারখানার একাংশ। করোনামুক্ত সবুজ জোনে গতকাল থেকে যাত্রীবাহী বেসরকারি বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। নির্দেশে বলা হয়েছে, প্রতিটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। বাস নিজ নিজ জেলাতেই চলবে।

তবে গতকাল বাস চলেনি । বাসমালিক ও ইউনিয়নের কর্মকর্তারা বলেছন, মাত্র ২০ জন যাত্রী নিয়ে তাঁদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। এতে পোষাবে না।