পশ্চিমবঙ্গে কাল শিশু থেকে সপ্তম শ্রেণির ক্লাস শুরু
পশ্চিমবঙ্গে কাল বুধবার শিশু থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খুলছে করোনার বিধিনিষেধ মেনে। দিন দিন রাজ্যে কমছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। এর পরিপ্রেক্ষিতেই শিশুদের স্কুলে আনার এই ব্যবস্থা।
গতকাল রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক নির্দেশে এসব কথা জানিয়েছেন। ৩ ফেব্রুয়ারি এই রাজ্যের অষ্টম শ্রেণির সব বিদ্যালয়ের দরজা খুলে দেওয়া হয়েছিল। এবার খুলে দেওয়া হলো সপ্তম শ্রেণি পর্যন্ত।
এখন পশ্চিমবঙ্গে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫০ হাজার ২৫৯টি। শিশু শিক্ষাকেন্দ্র রয়েছে ১৫ হাজার ৫৯৯টি। মাধ্যমিক স্কুল রয়েছে ৯ হাজার ৯৯১টি এবং উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে ৪ হাজার ৩৭২টি। আর আইসিডিএস রয়েছে ১ লাখ ৩২ হাজার ৩০৬টি। এই আইসিডিএসে সদ্যোজাত থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। ফলে দুই বছর ধরে বন্ধ থাকা সব স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআইসহ শিক্ষাপ্রতিষ্ঠানই এবার পুরোপুরি চালু হয়ে যাচ্ছে করোনার বিধিনিষেধ মেনে।
এদিকে রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে সংক্রমিত হয়েছেন ৩২০ জন। যা ছিল গত বছরের ২০ মার্চের পর সর্বনিম্ন। গত বছরের ২০ মার্চ এই রাজ্যে সংক্রমিত ছিল ৩৮৩ জন। গতকাল ৩৩১ দিন পর এই রাজ্যে সংক্রমণের হার সর্বনিম্নে চলে এসেছে।
গতকাল রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন অবশ্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ হাজার ৬২৬ জন। গতকাল এই রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৭৭৬ জনের। টিকাকরণ হয়েছে ৩১ হাজার ৯৫৯ জনের। আর সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২৯। এই নিয়ে কলকাতাসহ এই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪০ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১১ হাজার ২২১ জন।
করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ৪২১ জনের আর টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ১১১ ডোজ।