পশ্চিমবঙ্গে খোকা ইলিশ ধরা বন্ধে কড়া বিধি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোকা ইলিশ ধরা বন্ধে এ-সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর। ফাইল ছবি
খোকা ইলিশ ধরা বন্ধে এ-সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর। ফাইল ছবি

পশ্চিমবঙ্গে খোকা ইলিশ বা ইলিশের পোনা ধরার ওপর রাজ্যের মৎস্য দপ্তর নিষেধাজ্ঞা জারি করলেও তাতে খুব একটা পাত্তা দিচ্ছেন না জেলেরা। তাঁরা নিয়মিত খোকা ইলিশ ধরেই যাচ্ছেন। এ কারণে ইলিশ উৎপাদন কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে, বাংলাদেশে খোকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা ভালোভাবেই মানা হচ্ছে। ফলে, সেখানে বাড়ছে ইলিশের উৎপাদন।

উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মৎস্য দপ্তর খোকা ইলিশ ধরা বন্ধের জন্য এবার এ-সংক্রান্ত আইন সংশোধন করে নতুন আইন চালুর উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য, যাতে করে মৎস্যজীবীরা সমুদ্র বা উপকূলবর্তী নদী থেকে আর খোকা ইলিশ ধরতে না পারেন।

রাজ্য সরকার চাইছে ৫০০ গ্রাম ওজনের নিচের ইলিশ ধরা বন্ধ করতে। সেই লক্ষ্যেই ইলিশ ধরা–সংক্রান্ত আইনের সংশোধন আনা হচ্ছে।

৫০০ গ্রামের নিচের ওজনের ইলিশ পেলেই তা বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাজেয়াপ্ত করবে এই ইলিশ ধরার জালও। প্রয়োজনে সেই জাল নষ্ট করে দেওয়া হবে। এমনকি মাছ ধরার ট্রলারের রেজিস্ট্রেশনও বাতিল করার উদ্যোগ নেবে সরকার।

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর কম ফাঁসযুক্ত ইলিশ ধরার জাল চেন্নাই ও অন্ধ্র প্রদেশ থেকে আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করে করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, খোকা ইলিশ বাঁচাতে লাগাতার প্রচারের সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া দরকার। বর্তমান আইন যথেষ্ট নয়। তাই সবদিক খতিয়ে এবার এই আইনের সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইলিশ গবেষক ও মৎস্য দপ্তরের সহ-অধিকর্তা ড. সপ্তর্ষি বিশ্বাস বলেন, ‘৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশে। প্রজননের সময় ইলিশ ধরা বন্ধ থাকে বাংলাদেশে। পশ্চিমবঙ্গে এই নিয়ম থাকলেও তা মানছে না অনেক মৎস্যজীবী। তাঁরা ফাঁকফোকর দিয়ে ধরে যাচ্ছে খোকা ইলিশ।’ সপ্তর্ষি বিশ্বাস জানান, পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে ১৯৯৮ সালে আইন তৈরি হয়েছিল। ২০০৮ সালে সেই আইনের কিছুটা সংশোধন হয়। এবার সেই আইনে আরও কিছু সংশোধনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, যাতে রাজ্যে খোকা ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ হয়।

পুজোয় মিয়ানমারের ইলিশ
২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ভারতে বাংলাদেশের ইলিশ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে, ভারতে উৎপাদিত ইলিশ দিয়েই এখানকার চাহিদা পূরণ করা হচ্ছে। তবে দুর্গাপূজা, জামাইষষ্ঠী ও বাংলা নববর্ষে বাঙালির রসনা তৃপ্তির জন্য ভারতের দক্ষিণী রাজ্য ও মিয়ানমার থেকে ইলিশ আমদানি করা হয়। মিয়ানমারের ইরাবতী নদীতে মেলে এই ইলিশ। এ ছাড়া ভারতের আরব সাগরেও মেলে ইলিশ। এসব ইলিশই রসনা তৃপ্তি করে বাঙালিদের।

আজ সোমবার সকালে কলকাতার হিলসা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার মকসুদ প্রথম আলোকে বলেন, এবার দুর্গাপুজোয় বাঙালিদের রসনা তৃপ্তির জন্য মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে ৫০০ টন ইলিশ। গতকাল রোববারের মধ্যে ২৫০ টনের প্রথম কিস্তির ইলিশ ১০টি কনটেইনারে করে মিয়ানমার থেকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে।

আনোয়ার মকসুদ আরও জানান, এবার পুজোয় ইলিশ ছাড়াও এই রাজ্যে মধ্যপ্রদেশ থেকে আসছে পাবদা, ট্যাংরা, আইড় ও পারশে মাছ। মধ্যপ্রদেশের বিভিন্ন জলাশয়ে এসব মাছের প্রচুর চাষ হচ্ছে। এ ছাড়া ভিনরাজ্য থেকে আসছে ভেটকি, পাবদা, পমফ্রেট মাছ। মোটকথা, পুজোকে সামনে রেখে এবার যাতে বাঙালিদের রসনা তৃপ্তি হয়, সেই লক্ষ্যে ইলিশসহ বিভিন্ন মাছ আমদানি করা হচ্ছে মিয়ানমার আর ভারতের বিভিন্ন রাজ্য থেকে।