পশ্চিমবঙ্গে চতুর্থ দফা ভোট চলছে
পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলার ৪৯টি আসনের ভোট আজ সোমবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয়েছে। নির্বাচনের শুরুতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া, ভোটারদের ভয় দেখানো ও জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ৪৯টি আসন তৃণমূলের ঘর হিসেবে চিহ্নিত। এসব আসনের মধ্যে তৃণমূলের একারই রয়েছে ৪৩টি আসন। বিরোধীদের ছয়টি আসন রয়েছে। তৃণমূল নিজেদের আসন দখলে রেখে বাকি আসন ছিনিয়ে নিতে চাইছে। বিরোধী বাম-কংগ্রেস জোট এবং বিজেপি চাইছে তৃণমূলের আসনে ভাগ বসাতে। তাই এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাম-কংগ্রেস জোট। পাশাপাশি এই ৪৯টি আসনকে নিজেদের দখলে রাখতে মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। গত নির্বাচনে তৃণমূলের সঙ্গী ছিল কংগ্রেস। আর এবার সেই কংগ্রেস বামফ্রন্টের সঙ্গী হয়েছে।
নির্বাচন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের সমর্থকদের বুথ দখল, জাল ভোট, বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার খবর আসছে। হালিশহর, বীজপুর, দমদম, নিউটাউন, বেলুড় কেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ব্যারাকপুর, নিউটাউনে বাম এজেন্টদের মারধর, বীজপুরে বাম এজেন্টের বাড়িতে আগুন ও ভাঙচুর, দমদমে বাম এজেন্টের বাড়িতে হামলা, মধ্যমগ্রামে এক বাম সমর্থকের মাথা ফাটানো, উত্তর হাওড়ায় জাল ভোট, সরকারি সমর্থকদের বুথ দখলের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রাজারহাটে তিনজন তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১০ মন্ত্রীর ও বিরোধী জোটের সাবেক দুই মন্ত্রীর ভাগ্যপরীক্ষা হবে। ক্ষমতাসীন দলের যাঁদের ভাগ্যপরীক্ষা হবে, তাঁরা হলেন উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রের মন্ত্রী অমিত মিত্র, হাবড়া কেন্দ্রের জ্যোতিপ্রিয় মল্লিক, বাগদা কেন্দ্রের উপেন্দ্রনাথ বিশ্বাস, উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য, দমদমে ব্রাত্য বসু, কামারহাটিতে মদন মিত্র, রাজারহাট-গোপালপুর কেন্দ্রে পূর্ণেন্দু বসু, হাওড়ার উলবেড়িয়া পূর্ব কেন্দ্রে হায়দার আজিজ শফি, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ও মধ্য হাওড়া কেন্দ্রে অরূপ রায়।
আজ ভাগ্যপরীক্ষা হবে বালি কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া, হাওড়া উত্তর কেন্দ্রে প্রখ্যাত ক্রিকেটার লক্ষ্মীরতন শুকলা, উলবেড়িয়া উত্তর কেন্দ্রে নির্মল মাজি, বারাসাত কেন্দ্রে প্রখ্যাত চিত্রতারকা চিরঞ্জিৎ, হাওড়া কেন্দ্রে হাজি শেখ নুরুল ইসলাম প্রমুখের।
অন্যদিকে, বাম কংগ্রেস জোটের প্রার্থীদের মধ্যে যাঁদের ভাগ্যপরীক্ষা হবে, তাঁরা হলেন খড়দহ কেন্দ্রের সাবেক মন্ত্রী অসীম দাশগুপ্ত, আমডাঙ্গা কেন্দ্রের সাবেক মন্ত্রী আবদুস সাত্তার, গাইঘাটা কেন্দ্রের কপিলকৃষ্ণ ঠাকুর, বালি কেন্দ্রের অঞ্জন বেরা, নৈহাটি কেন্দ্রের গার্গী চট্টোপাধ্যায়, জগদ্দল কেন্দ্রের হরিপদ বিশ্বাস, রাজারহাট-গোপালপুর কেন্দ্রের নেপালদেব ভট্টাচার্য।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বসিরহাট উত্তর কেন্দ্রের বর্তমান বিধায়ক শমীক ভট্টাচার্য ও হাওড়া উত্তর কেন্দ্রের চিত্রতারকা রূপা গঙ্গোপাধ্যায়।
দুই জেলার ৪৯টি আসনের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৩ এবং হাওড়ায় ১৬টি আসন রয়েছে। ভোট গ্রহণ হচ্ছে ১২ হাজার ৪৮১টি বুথে। এবার ১ কোটি ৮ লাখ ১৭ হাজার ভোটার ভোট দেবেন ৩৪৫ জন প্রার্থীকে। নির্বাচন কমিশন উত্তর ২৪ পরগনা জেলায় ২ হাজার ৩২৩টি এবং হাওড়া জেলায় ৬৪৩টি কেন্দ্রকে স্পর্শকাতর ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। এই দুটি জেলায় নিয়োগ করা হয়েছে ৫১ হাজার ৭২ জন কেন্দ্রীয় বাহিনী এবং ২৩ হাজার পুলিশ।
পশ্চিমবঙ্গের অতিরিক্ত নির্বাচন অধিকর্তা দিব্যেন্দু সরকার জানান, নির্বাচন শান্তিপূর্ণ করতে ওয়েবকাস্টিং, সিসিটিভি ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, মাইক্রো অবজারভার, ক্যামেরা লাগানো নজরদারি গাড়ি—সবকিছুই থাকছে।