পশ্চিমবঙ্গে ছয় দফায় ৪ এপ্রিল ভোট শুরু, গণনা ১৯ মে
পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যের রাজ্য বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বাকি চার রাজ্য তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরি (কেন্দ্রশাসিত অঞ্চল)। আজ শুক্রবার বিকেলে রাজধানী দিল্লিতে এই তফসিল ঘোষণা করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ছয় দফায় নির্বাচন হবে। প্রথম দফার ভোট হবে আগামী ৪ ও ১১ এপ্রিল। প্রথম দফায় ভোট নেওয়া হবে জঙ্গলমহলের মাওবাদী-অধ্যুষিত এলাকায়। ৪ এপ্রিল নেওয়া হবে ১৮টি আসনে এবং ১১ এপ্রিল নেওয়া হবে ৩১টি আসনে। দ্বিতীয় দফায় ১৭ এপ্রিলে ৫৬টি আসনে ভোট নেওয়া হবে। তৃতীয় দফায় ২১ এপ্রিল ভোট হবে ৬২টি আসনে, চতুর্থ দফায় ২৫ এপ্রিল ৪৯ আসনে ভোট নেওয়া হবে, পঞ্চম দফায় ৩০ এপ্রিল ৫০টি আসনে এবং শেষ বা ষষ্ঠ দফায় ৫ মে ২৫ আসনে ভোট গ্রহণ হবে।
পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ফল ঘোষণা হবে ১৯ মে।
আসামের ভোট নেওয়া হবে ৪ ও ১১ এপ্রিল। তামিলনাড়ু, কেরালা এবং পদুচেরিতে ভোট নেওয়া হবে ১৬ মে একই দিনে।
নির্বাচন কমিশনার বলেন, এবারের এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য পশ্চিমবঙ্গে গত নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। এবারের ইভিএম মেশিনে প্রার্থীদের ছবি থাকবে। সেখানে ‘না’ ভোটের বোতাম থাকবে। নির্বাচনের কোনো অভিযোগ পাওয়ার পর তা দ্রুত নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এবারের ভোটে অংশ নিতে পারবেন কোচবিহারের সাবেক ছিটমহলবাসীরা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে ৭৭ হাজার ২৪৭ কেন্দ্রে। এবারে ৬ কোটি ৫৫ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।