পশ্চিমবঙ্গে ট্রেনে কাটা পড়ে বিরল প্রজাতির ৯টি শকুনের মৃত্যু

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে ট্রেনে কাটা পড়ে বিলুপ্ত প্রজাতির নয়টি শকুনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার শকুনের মৃতদেহগুলো শিলিগুড়ির গুলমা স্টেশনের অদূরে রেললাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে দেখা যায়।
ট্রেনে কাটা পড়া মৃত পশুর মাংস খাওয়ার জন্য রেললাইনে এসেছিল এসব শকুন। এ সময় একটি দূরপাল্লার ট্রেনে তারা কাটা পড়ে।
রেলওয়ে সূত্র বলছে, গত বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে কয়েকটি পশু মারা যায়। মারা যাওয়া পশুর মাংস খেতে এসে গত শুক্রবার ট্রেনে কাটা পড়ে নয়টি শকুন। বন বিভাগের কর্মীরা গতকাল ভোরে রেললাইনে শকুনগুলোর ছিন্নভিন্ন মৃতদেহ দেখতে পান।
বন দপ্তরের কর্মকর্তা জয়ন্ত মণ্ডল জানান, মারা যাওয়া শকুনগুলো বিলুপ্তপ্রায় হিমালয়ান গ্রিফন ভালচার শ্রেণির। এগুলো বিরল প্রজাতির শকুন হিসেবে সরকারি তালিকাভুক্ত।
জয়ন্ত মণ্ডল বলেন, রেললাইনে কাটা পড়া পশু তিনটির মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিল। কিন্তু রেল কর্তৃপক্ষ তা করেনি। এ কারণে মৃত পশুর মাংস খেতে রেললাইনে শকুনগুলো ভিড় করেছিল।
এভাবে বিরল প্রজাতির নয়টি শকুনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)। সংগঠনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, রেল কর্মকর্তাদের অবহেলার কারণে মারা গেল বিপন্ন প্রজাতির নয়টি শকুন। এই প্রজাতির শকুন সাধারণত হিমালয়ের উঁচু এলাকায় ঘোরাফেরা করে। তীব্র ঠান্ডার সময় তারা অপেক্ষাকৃত নিচে নেমে আসে।