পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে ৪ জন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা এখন ৪০ আর আক্রান্তের সংখ্যা ২১ হাজার। তবে রাজ্য বিজেপি বলেছে, মৃতের সংখ্যা ৯০।

ডেঙ্গু নিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি, বাম দল ও কংগ্রেস ডেঙ্গু দমনে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। চলছে ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে প্রতিবাদ মিছিল, সভা-সমাবেশ।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছু ব্যক্তি এবং কয়েকটি রাজনৈতিক দল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। রাজ্যের সব পৌরসভা, পঞ্চায়েত ও কলকাতা পৌর করপোরেশনকে এ ব্যাপারে আরও সক্রিয় হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মমতা এ কথাও বলেছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য অনেকটা দায়ী আবহাওয়া। তিনি ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করেছেন। মমতা বলেছেন, দেশের অন্য রাজ্য আসাম, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থানের চেয়ে পশ্চিমবঙ্গের ডেঙ্গু অবস্থা ভালো। তিনি বলেন, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে ১৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়েছে।