পশ্চিমবঙ্গে তদন্ত কমিশন গঠন, মোদিবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেগাসাস ইস্যুতে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নেতা-কর্মীরা মোদিবিরোধী বিক্ষোভ করেন। কলকাতা, ২৬ জুলাই।
ছবি: ভাস্কর মুখার্জি

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় কংগ্রেস। সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাসভবনের কাছে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বেশ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এদিকে পেগাসাস ইস্যু তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার।

কংগ্রেসের নেতা–কর্মীরা সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে মিছিল নিয়ে রাজভবনের কাছে যেতে চাইলে পুলিশ তাঁদের পথ রোধ করে। এ সময় কংগ্রেস–সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের থামাতে বেশ কিছু কংগ্রেস নেতা–কর্মীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পেগাসাস ইস্যুতে ফোনে আড়ি পাতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা।

এর আগে সোমবার সকালে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বাধীন রাজ্য সরকার ফোনে আড়ি পাতা বা পেগাসাস ইস্যু তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন ভীমরাও লকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।

একজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। কলকাতা, ২৬ জুলাই।
ছবি: ভাস্কর মুখার্জি

এ সময় মমতা আরও বলেন, ‘পেগাসাস ব্যবহার করে দেশের অনেক রাজনীতিবিদ, সাংবাদিক ও শিল্পপতিদের ফোনে আড়ি পাতা হয়েছিল। আমরা চাই, এই পেগাসাস–কাণ্ডের তদন্ত হোক। ভারতের মধ্যে আমরাই প্রথম এই রাজ্যে তদন্ত কমিশন গঠন করেছি।’