পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখন পিসি-ভাইপোর দল, বললেন মুকুল রায়

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, তৃণমূল এখন পিসি-ভাইপোর দল।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা এখন মূলত তাঁর দলের তাঁর উত্তরাধিকারীর স্থানে ঠাঁই দিয়েছেন ভাইপো অভিষেককে। মমতার উত্তরাধিকারী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন, সে ব্যাপারে দলও সম্প্রতি স্পষ্ট করেছে।
মুকুল রায় একসময় মমতার ডান হাত ছিলেন। তৃণমূল কংগ্রেস গড়ারও অন্যতম কারিগর ছিলেন তিনি। হয়েছিলেন তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদও। মমতার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলে মুকুল রায় তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। এখন তিনি পশ্চিমবঙ্গের বিজেপির এক শীর্ষ নেতা।
হুগলির এক জনসভায় মুকুল রায় বলেন, বাংলা সিপিএমের আমলে ৩৪ বছর পিছিয়ে থাকলেও তৃণমূলের আমলে সেই বাংলা ১০০ বছর পিছিয়ে গেছে। আর ক্ষমতায় যাওয়ার পর সিপিএমকে পেছনে ফেলে মমতা ছয় বছরেই ঋণ করেছে ৫ লাখ ৮০ হাজার কোটি রুপি। তিনি বলেছেন, এ রাজ্যে ভোটের সময় দলিত মানুষ খুন হচ্ছেন। আর মমতা বলছেন গণতন্ত্রের জয় হয়েছে। তিনি বলেন, এ রাজ্যে কেউ প্রার্থী দিলে তাঁকে জোর করে তুলে নেওয়া হয়। আর একেই বলা হচ্ছে গণতন্ত্র। মুকুল রায় বলেন, এবার ভোট লুট এবং এই রাজ্যের মানুষের রুখে দাঁড়ানোর সময় এসেছে। তাই লড়তে হবে ভোট লুটেরাদের বিরুদ্ধে।
মুকুল রায় মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে আরও বলেছেন, ২ শতাংশ শিল্প এসেছে—তা যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পারেন, তা হলে তিনি মমতার বিরুদ্ধে কথা বলা ছেড়েই দেবেন।