পশ্চিমবঙ্গে তৃণমূলবিরোধী জোটের ডাক বিশিষ্টজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ‘স্বৈরশাসন’ থেকে মুক্ত হওয়ার লক্ষে৵ বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট গড়ার তাগিদ দিয়েছেন কলকাতার একদল বিশিষ্ট ব্যক্তিত্ব। পাশাপাশি অসহিষ্ণুতার বিরুদ্ধে কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ এক প্রতিবাদ মিছিলে যোগ দেন।
তৃণমূল কংগ্রেসের শাসন থেকে মুক্তি পেতে জোট গঠনের ডাক দেওয়া বিশিষ্টজনদের মধ্যে আছেন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়, সাবেক উপাচার্য অশোক নাথ বসু ও আনন্দদেব মুখোপাধ্যায়, অধ্যাপক সুনন্দ সান্যাল প্রমুখ। শনিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, শাসক দলের ‘অনুগত দুষ্কৃতরা’ রাজ্যজুড়ে তাণ্ডব, লুঠপাট যেভাবে চালিয়েছে, নেতা-মন্ত্রীদের মদতে চিটফান্ডগুলো যেভাবে মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা করেছে, লাখ লাখ মানুষকে সর্বস্বান্ত করেছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির জোট গড়তে হবে।
এদিকে অসহিষ্ণুতার বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে শনিবার বুদ্ধিজীবীদের একাংশ কলকাতায় এক প্রতিবাদ মিছিলে পা মেলান। মিছিলে ছিলেন কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র বিকাশ ভট্টাচার্য, চিত্রকর ওয়াসিম কাপুর, অধ্যাপক মিরাতুন নাহার প্রমুখ।
এদিকে কলকাতায় এসে আবারও পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনের আশ্বাস দিয়েছেন ভারতের উপমুখ্য নির্বাচন কমিশনার সন্দ্বীপ সাক্সেনা। তিনি গতকাল রোববার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।