পশ্চিমবঙ্গে দুর্বৃত্তের আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাগুতির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ হত্যার জেরে গতকাল সোমবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেসব বাড়ির ১০ জন জীবিত পুড়ে মারা গেছেন।
সম্প্রতি এক দোকানের সামনে ভাদু শেখের ওপর বোমা হামলা হয়। আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাদু শেখ ছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা। ভাদু শেখের হত্যার পর তাঁর সমর্থক কিছু বিক্ষুব্ধ জনতা বিরোধী পক্ষের মানুষজনের বাড়িতে অগ্নিসংযোগ করেন।
ভাদু শেখ হত্যায় পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, গতকাল রাতে প্রায় এক ডজন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শেষ রাতের দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুন নিয়ন্ত্রণের জন্য তাঁদের দুর্ঘটনা স্থলে যেতে দেওয়া হয়নি।
আগুনে ঝলসে যাওয়া ১০টি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সম্পূর্ণ পুড়ে যাওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছে, একটি বাড়ি থেকেই সাতটি মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহগুলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।