পশ্চিমবঙ্গে দোস্তি, ত্রিপুরায় কুস্তি
ভারতের পশ্চিমবঙ্গে জোট হলেও দেশের একমাত্র সিপিএম-শাসিত রাজ্য ত্রিপুরায় বামপন্থীদের সঙ্গে এক জোটে চলতে নারাজ কংগ্রেস। আর সেটা বোঝাতেই গতকাল সোমবার পালিত হলো ২৪ ঘণ্টার ত্রিপুরা বন্ধ্। কংগ্রেসের অভিযোগ, সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যদের সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। প্রতিবাদে বন্ধের ডাক দেওয়া হয়।
গতকাল কংগ্রেসের ডাকা বন্ধে গোটা ত্রিপুরাই একরকম স্তব্ধ হয়ে পড়ে। দোকানপাট, হাট-বাজার, স্কুল-কলেজ, অফিস-কাছারি প্রায় সবই বন্ধ ছিল। তবে বিমান, আন্তর্জাতিক স্থলবন্দর এবং জরুরি প্রয়োজনীয় দপ্তরগুলো ছিল বন্ধের আওতার বাইরে। রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দের দাবি, বন্ধ্ পুরোপুরি ব্যর্থ। মুঠোফোনে তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বন্ধের সমর্থকেরা আগরতলায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পাঁচটি অটো (সিএনজির মতো) একটি মারুতি ভ্যানে ভাঙচুর চালায়। রাজধানী আগরতলায় ভয়ে কিছু মানুষ বাড়ির বাইরে না বের হলেও রাজ্যের অন্যত্র জীবনযাত্রা ছিল স্বাভাবিক।