পশ্চিমবঙ্গে ধর্মঘটের ডাক বাম দলগুলোর

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আধা বেলার অবরোধ ডেকেছে বাম দলগুলো। আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭টি বাম দলের আহ্বানে এ অবরোধ চলবে। এদিকে আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এ-সংক্রান্ত একটি আবেদনের ওপর শুনানি হবে।
অবরোধ আহ্বানকারী দলগুলোর অভিযোগ, পশ্চিমবঙ্গে আগামী মে মাসে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অন্যান্য দলের মনোনয়নপ্রত্যাশীদের নানাভাবে হয়রানি করছে। পাশাপাশি নির্বাচন কমিশন মনোনয়নপত্র জামাদানের তারিখ এক দিন বাড়িয়ে হঠাৎ তা প্রত্যাহার করে নেয়। এতে বাম দলগুলোর অনেক প্রার্থীই মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে। এ নিয়ে বিজেপি ও বাম দলগুলো আদালতেরও দ্বারস্থ হয়েছে। আজ বৃহস্পতিবার এর ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে অগ্রবাল এবং বিচারপতি অভয় মনোহর সাপ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এ নিয়ে একটি শুনানি হয়। সেখানে বিচারকেরা বলেছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করতে হবে। আদালতের নির্দেশ মোতাবেক আজ তাদের হাইকোর্টে যাওয়ার কথা।
এদিকে বাম দলগুলো ডাকা অবরোধকে ‘নাটক’ আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বামেদের ডাকা এই ধর্মঘটে রাজ্যে কোনো প্রভাব পড়বে না। সবটাই তাদের নাটক। ধর্মঘটে যানচলাচল স্বাভাবিক থাকবে।
গত সোমবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকলেও ওই দিন রাতে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আরও এক দিনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ফলে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁরা গত মঙ্গলবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেন। কিন্তু সকালেই রাজ্য নির্বাচন কমিশন সময় বাড়ানোর বিজ্ঞপ্তি বাতিল করে দেয়। এতে ক্ষুব্ধ হয় রাজ্যের সব বিরোধী দল। এরপরেই এর প্রতিবাদে প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। পরে একই পথে হাঁটে বাম দলগুলো। বিজেপি ও বাম দলগুলোর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হামলা ও বাধার মুখে তাদের অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তৃণমূলের লোকজন তাদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, মারপিট করছে।
এর আগে গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধাদান এবং মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানোর দাবিতে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ করেন মহিলা কংগ্রেসের কর্মীরা। একই দিন বিকেলে কলকাতা প্রেসক্লাবে ‘শিল্পী, সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবী মঞ্চ’ প্রতিবাদ সভা করে। তারা মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ক্ষমতাসীন দলের বাধা ও মারপিটের নিন্দা জানায়। পাশাপাশি একই দিন বিক্ষোভ মিছিল করে বাম দলগুলো। মহিলা কংগ্রেস ও বাম দলগুলোর অভিযোগ, গতকালের কর্মসূচি থেকে পুলিশ তাদের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে।
২ এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। শেষ হয় ৯ এপ্রিল। আগামী ১, ৩ ও ৫ মে এই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এবার এই নির্বাচনে মোট আসনের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসনের মধ্যে তৃণমূল জমা দিয়েছে ৫৯ হাজার ৪৭৫টি। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসনে তৃণমূল জমা দিয়েছে ১২ হাজার ৩৪৩টি। আর জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে তারা জমা দিয়েছে ১ হাজার ৬৬টি।
বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টিতেই বিরোধী বিজেপি, বাম দল ও কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। অভিযোগ রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন জেলার এসডিও ও বিডিও অফিসে ঢোকার সব পথ বন্ধ করে দিয়েছিলেন তৃণমূলের সমর্থকেরা। ফলে কোনো বিরোধী প্রার্থী মনোনয়নপত্র নিয়ে হাজির হতে পারেননি বিডিও ও এসডিও অফিসে। তবে একটি আসনে একজন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। ফলে বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন তৃণমূলের প্রার্থীরা।
রাজ্য নির্বাচন কমিশন দপ্তর সূত্রে বলা হয়েছে, এবার পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হচ্ছে।