পশ্চিমবঙ্গে নান ধর্ষণ: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে বৃদ্ধা এক নানকে ধর্ষণের ঘটনায় নজরুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কলকাতার শিয়ালদহ রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এ ঘটনার মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, ২৮ বছর বয়সী নজরুল বাংলাদেশি।

জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা চিত্তরঞ্জন নাগ এনডিটিভিকে বলেন, ‘নজরুল কলকাতায় আসার চেষ্টা করছে বলে আমাদের কাছে খবর ছিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের কর্মকর্তারা শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করছিল। বনগাঁও থেকে আসা একটি ট্রেন থেকে নামার পরেই তাকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সন্দেহ করছে বাংলাদেশ সীমান্তে লুকিয়ে ছিল নজরুল। চিত্তরঞ্জন বলেন, বাংলাদেশের সীমান্ত এলাকার কোথাও লুকিয়ে ছিলেন তিনি। সম্ভবত সেখানে পুলিশের ধাওয়া খেয়ে তিনি অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। তিনি কোথাও পালানোর চেষ্টা করছিলেন।

গত ১৪ মার্চ রাত আড়াইটার দিকে এক দল দুষ্কৃতকারী স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। তারা অফিস থেকে ১২ লাখ টাকা লুট করে। একপর্যায়ে প্রবীণ নান গণধর্ষণের শিকার হন।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গজুড়ে তীব্র প্রতিবাদ ওঠে। দাবি ওঠে ধর্ষক ও ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির। এরপরই এ ঘটনার তদন্তভার দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তদন্তে নেমে ইতিমধ্যে সিআইডি পুলিশ উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গোপাল সরকার, মুম্বাই থেকে সালিম শেখ, বনগাঁও রেলস্টেশন থেকে খালেদুর রহমান ওরফে ফারুক, শিয়ালদহ স্টেশন থেকে মিলন সরকার ও ওহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ শিয়ালদহ থেকে গ্রেপ্তার হলেন নজরুল।