পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে উঠেছে। ছবি: ভাস্কর মুখার্জি
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে উঠেছে। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে পড়েছে গোটা রাজ্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের মনোনয়নপত্র জমা দিতে বাধা, মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, মারপিট, বোমা হামলা, অস্ত্র নিয়ে মিছিল—এমন নানা অভিযোগে উত্তপ্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে আজ বুধবার শুনানি হবে আদালতে।

গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে শেষ মুহূর্তে রাতে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আরও এক দিন সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ফলে যেসব প্রার্থী তৃণমূলের হামলা ও বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁরা গতকাল সকালে প্রস্তুতি নেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তবে হুট করে গতকাল সকালেই রাজ্য নির্বাচন কমিশন আরেকটি বিজ্ঞপ্তি জারি করে মনোনয়নপত্র জমা দেওয়ার নতুন বিজ্ঞপ্তি বাতিল করে দেয়। এতে ক্ষুব্ধ হয় রাজ্যের সব বিরোধী দল। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গতকাল বিকেলে শুনানির পর কলকাতা হাইকোর্ট নতুন বিজ্ঞপ্তি বাতিল করার জন্য জারি করা বিজ্ঞপ্তির ওপর ২৩ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দেন এবং আজ বিস্তারিত শুনানির দিন ধার্য করেন।

এদিকে বিরোধী প্রার্থীরা অভিযোগ করেছেন, সোমবার রাতে তৃণমূলের চার মন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর নির্দেশ বাতিল করার জন্য চাপ দিয়েছেন। এ কারণেই পরদিন সকালে নির্বাচন কমিশনার আরেকটি বিজ্ঞপ্তি জারি করে মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিনের সময় বাড়ানোর বিজ্ঞপ্তি বাতিল করে দেন।

যেসব প্রার্থী সরকারি দলের বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছে বিজেপি। ভারতের সুপ্রিম কোর্টে বিজেপি আরেকটি মামলা করে আবেদন জানায় যে সরকারি দলের বাধার মুখে যাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের যেন মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করার আদেশ দেন আদালত। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টেও শুনানি হবে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: ভাস্কর মুখার্জি
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: ভাস্কর মুখার্জি

২ এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। শেষ হওয়ার কথা ৯ এপ্রিল। আর নির্বাচন হওয়ার তারিখ আগামী ১, ৩ ও ৫ মে। এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে গতকালও সংঘর্ষ হয়েছে বীরভূমের বোলপুর, পশ্চিম মেদিনীপুরের দাঁতন এবং হাওড়ায়।

নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, এবার এই পঞ্চায়েত নির্বাচনে মোট আসনের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসনের মধ্যে তৃণমূল জমা দিয়েছে ৫৯ হাজার ৪৭৫টি। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসনে তৃণমূল জমা দিয়েছে ১২ হাজার ৩৪৩টি। আর জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে তারা জমা দিয়েছে ১ হাজার ৬৬টি। বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টি আসনেই বিরোধী বিজেপি, বাম দল ও কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন জেলার এসডিও ও বিডিও কার্যালয়ে ঢোকার সব পথ বন্ধ করে দিয়েছিলেন তৃণমূলের সমর্থকেরা। ফলে কোনো বিরোধী প্রার্থী মনোনয়নপত্র নিয়ে হাজির হতে পারেননি বিডিও ও এসডিও কার্যালয়ে। তবে একটি আসনে এক বিজেপি প্রার্থী কোনো রকমে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।

এদিকে গতকালও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিপিএমের মহিলা শাখা এবং বাম দল। তারা দাবি তুলেছে, যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিতে হবে। আজ বামবিরোধী ১৭ দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। বাম দলের নেতৃবৃন্দ বলেছেন, এই নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে তাঁরা রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘটের দিকে যেতে পারেন। গতকাল ১৭টি বাম দলের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।