পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সোমবার, জয়ী প্রার্থীদের নিয়ে তৃণমূলে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট হবে। রয়টার্স ফাইল ছবি।
১৪ মে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট হবে। রয়টার্স ফাইল ছবি।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী সোমবার হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এ নিয়ে বিভিন্ন দলের বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে ‘জীবন জীবিকা ও জমি রক্ষা কমিটি’র উদ্যোগে নির্দল প্রার্থীদের পক্ষে মিছিল হয়।

এতে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল কর্মী আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের সুপ্রিম কোর্ট তৃণমূলের ৩৪ শতাংশ আসন জয়ের বিষয়টি মেনে নিতে পারেননি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ৩৪ শতাংশ আসনের ফলাফলসংক্রান্ত কোনো গেজেট বিজ্ঞপ্তি জারি করা যাবে না। ওই ফলের ওপর অস্থায়ী স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট। এ নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে তৃণমূল শিবিরে। অথচ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পর তৃণমূল বিভিন্ন এলাকায় উৎসবে মেতে উঠেছিল। বিলিয়ে ছিল মিষ্টি।

গত বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাঁরা মিষ্টি খেয়েছিলেন, তাঁদের এখন কাঁচা করলা খেতে হবে।’

আগামী ৩ জুলাই পরবর্তী শুনানির পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

এবার গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর এবার জেলা পরিষদের ৬২২টি, পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৫৮টি এবং গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮৩৬টি আসনে নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন ১৮ শতাংশ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে।

নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, ৯ মে পর্যন্ত চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজেপি দাবি করেছে, ইতিমধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের সাতজন দলীয় কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে প্রতিপক্ষের হাতে। মুখ্যমন্ত্রী মমতা দাবি করেছেন, তাঁর দলের সমর্থকদের এই মৃত্যু সংখ্যা হলো ১৭।