পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ১৪ মে, অখুশি বিরোধীরা

পশ্চিমবঙ্গের ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা এবার কাটতে চলেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। আর তা হবে ১৪ মে। ভোট গণনা হবে ১৭ মে। রমজান শুরু হওয়ার আগে এই নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
গতকাল বিকেলে রাজ্য সরকার এই নির্বাচন এক দফায় করার জন্য ১৪ মে তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশনকে চিঠি দেয়। এই চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন বিকেলেই বৈঠকে বসে। এরপরই মেনে নেয় রাজ্য সরকারের ভোট গ্রহণের তারিখটি।
ফলে এবার তিন দফার পরিবর্তে এক দফায় নির্বাচন হতে চলেছে। যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। তারা প্রশ্ন তুলেছে, কীভাবে তারা এক দিনে ভোট সম্পন্ন করবে? রাজ্য সরকারের হাতে রয়েছে ৪৬ হাজার সশস্ত্র আর ১২ হাজার লাঠিধারী পুলিশ। সব মিলিয়ে এই সংখ্যা ৫৮ হাজার। আর এবার এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৫৮ হাজার ৪৬৭টি বুথে। এই হিসাব অনুযায়ী, একটি বুথে একজন পুলিশ দেওয়াই কঠিন হয়ে পড়বে। বিরোধী দল অভিযোগের সুরে বলেছে, রাজ্য সরকার চাইছে একটি প্রহসনমূলক নির্বাচন করতে, যাতে বিরোধী দল মাঠে না থাকে। শাসক দল একতরফা ভোট কেটে নিতে পারে, যাতে করে আর ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে না। ১৬ মে রাখা হয়েছে পুনর্নির্বাচনের জন্য।
রাজ্য নির্বাচন কমিশন গত ৩১ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণাকালীন এই নির্বাচন ১, ৩ ও ৫ মে অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। এরপর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে শাসক দলের বাধা দান, বিরোধী দলের প্রার্থীদের মারপিট, ভীতি প্রদর্শন, তাণ্ডব, হামলা ইত্যাদির কারণে কলকাতা হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে বিরোধী দলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায় নির্বাচনী কার্যক্রম। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির পর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বাড়িয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়। শেষ হয় প্রার্থীপদ যাচাই-বাছাইয়ের কাজও। কাল শনিবার পর্যন্ত চলবে এবার মনোনয়নপত্র প্রত্যাহারের কাজ।
যদিও রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠন চাইছিল রমজানের আগে নির্বাচন পর্ব সেরে নিতে। সেই লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন আগামী ১৪ মে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে। তবে নির্বাচন কমিশন দ্রুত এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচন করার লক্ষ্যে আগে ২৬ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগের প্রস্তাব দিলেও তা খারিজ করে দেয় রাজ্য সরকার। তারা বলেছে, রাজ্যের পুলিশই যথেষ্ট।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চুকে গেলেও এখনো নির্বাচনের ময়দানে রয়েছে প্রচুরসংখ্যক বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। এ বছর ত্রিস্তর পঞ্চায়েতের প্রথম পর্যায় গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি, থানা পর্যায়ের পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি এবং জেলা পর্যায়ের ৮২৫টি জেলা পরিষদের আসনে নির্বাচন হচ্ছে।
এই অতিরিক্ত বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের বাগিয়ে আনতে নতুনভাবে উদ্যোগ নিয়েছে বিজেপি। তারা বিক্ষুব্ধ এসব প্রার্থীকে হয় বিজেপির প্রতীক দিয়ে নতুবা নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনের ফায়দা লুটতে চাইছে। দিতে চাইছে নতুন চমক। বিজেপির লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন। যদিও এবার ত্রিস্তর পঞ্চায়েতে বিজেপি দাঁড় করিয়েছে ৩৫ হাজার প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষে ১৪ হাজার ৯৮৯টি অতিরিক্ত মনোনয়নপত্র জমা পড়েছে। এবার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ১১ হাজার ৮৬টি বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। পঞ্চায়েত সমিতিতে এই সংখ্যা ৩ হাজার ৬৪৩টি এবং জেলা পরিষদে অতিরিক্ত ২৬০টি তৃণমূলের মনোনয়নপত্র জমা পড়েছে।