পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কোণঠাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকেরা যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছেন সরকারি দলের নেতা-কর্মীরা। ২ এপ্রিল থেকে মাঠে নেমে পড়েছেন সরকারি দলের কর্মীরা।

ওই দিন থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

তৃণমূলের নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবার পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে বিরোধী দলশূন্য করা হবে। সে লক্ষ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে। অনেক এলাকায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে। কোথায়ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেছে, আবার কোথাও মনোনয়নপত্র তোলার অফিসে ঢুকতেই দেয়নি। দুদিনে একাধিক জায়গায় হামলা হয়েছে বিজেপির ওপর। কংগ্রেস ও বাম দলের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র জমা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেও সংঘর্ষ হয়েছে। এতে একজন তৃণমূলের কর্মী মারা গেছেন।

পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তরের স্থানীয় সরকার কাঠামোর মূল স্তম্ভ হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তারপর থানা পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে জেলা পরিষদ। এ বছর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে রাজ্যের ৪৮ হাজার ৫৬০টি গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতি এবং ৮২৫টি জেলা পরিষদ আসনে। তবে বাদ আছে কলকাতাসহ দার্জিলিং ও কালিম্পং জেলা। এবারের নির্বাচন হবে তিন পর্যায়ে। আগামী ১, ৩ ও ৫ মে। ফলাফল ঘোষণা হবে ৮ মে।

গত দুদিনে হুগলির আরামবাগ, খানাকুল, বীরভূমের লাভপুর, রামপুরহাট, সিউরি, দুবরাজপুর, মাড়গ্রাম, খয়রাশোল, নলহাটি, মুর্শিদাবাদের লালবাগ, ডোমকল, কান্দি, কাটোয়া, মেদিনীপুরের খড়গপুরসহ দক্ষিণ ২৪ পরগনার ভাঙর, বজবজ এলাকায় সরকারি দলের ছত্রচ্ছায়ায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। এসব এলাকায় বিরোধী দলের কর্মীদের মারপিট করা হয়।

শাসক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে কোচবিহার, মালদহ, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে। বীরভূমের লাভপুরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্রে শাসক দলের কর্মীদের হাতে তরবারি আর অস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায়।

বিজেপির অভিযোগ, তৃণমূল-সমর্থকেরা বিজেপির মুর্শিদাবাদের জেলা সভাপতি গৌরী শংকর ঘোষ ও বীরভূমের জেলা সম্পাদক কালোসোনা মণ্ডলের ওপর হামলা চালিয়েছেন। মুর্শিদাবাদে কংগ্রেস ও বাম দলের অফিস ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হয়েছে কালিয়াচক, মানিক চক ও ভাঙরে। গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের এক কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে, কোচবিহারে এসইউসিআই এবং হুগলিতে সিপিআইয়ের (এম-এল) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের অভিযোগ জানাতে বিজেপি, কংগ্রেস ও বাম দলের নেতারা পৃথকভাবে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করেছেন। একইভাবে রাজ্যের নির্বাচন কর্মকর্তার কাছেও একই দাবি করেন তাঁরা।

বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গে ফ্যাসিবাদ চলছে। দেশে এমন কোনো রাজ্য নেই, যেখানে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেন না।’

তবে শাসক দল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, শান্তিপূর্ণভাবেই এ রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ অস্ত্রের ঝনঝনানিতে ভয় পায় না।’

বিরোধী দল রাজ্যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি জানিয়েছে। বিরোধীদের দাবি রাজ্য সরকার প্রত্যাখ্যান করে বলেছে, রাজ্যের পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন হবে।