পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে। পশ্চিমবঙ্গ, ভারত, ১০ জুলাই
ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে আজ রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। করোনার কারণে বন্ধ থাকার পর কলকাতায় আবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে।

এর বাইরে সামাজিক দূরত্ব মেনে ঐতিহাসিক সব মসজিদসহ পশ্চিমবঙ্গের প্রায় ৬০ হাজার মসজিদ ও মসজিদ সংশ্লিষ্ট ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশকে করোনা মুক্তকরণ, দেশের অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার জন্য বিশেষ মোনাজাত করেন।

পার্ক সার্কাসে অনুষ্ঠিত ঈদুল আজহার জামাত। কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০ জুলাই
ছবি: ভাস্কর মুখার্জি

রেড রোড ছাড়া কলকাতায় ঈদুল আজহার উল্লেখযোগ্য জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড ও পার্ক সার্কাসে।

রেড রোডে তৃণমূলের স্থানীয় বিধায়ক, সংগীত তারকা বাবুল সুপ্রিয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।