পশ্চিমবঙ্গে পাঁচ বছরে ট্রেনের ধাক্কায় ৫৫ হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতি। প্রথম আলো ফাইল ছবি
হাতি। প্রথম আলো ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে ২০১৩ থেকে ২০১৭ সাল—এই পাঁচ বছরে ট্রেনের ধাক্কায় ৫৫টি হাতির মৃত্যু হয়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত ছয়টি হাতি মারা গেছে।

রেল সূত্রে জানা গেছে, ট্রেনের ধাক্কায় ২০১৩ সালে ১৯টি, ২০১৪ সালে ৫টি, ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ৯টি ও ২০১৭ সালে ১০টি হাতির মৃত্যু হয়েছে।

এদিকে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু কমাতে পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল (এনএফআর) কর্তৃপক্ষ অভিনব পদ্ধতি ব্যবহার শুরু করেছে। তারা এলিফ্যান্ট জোনের কাছে থাকা চারটি লেভেল ক্রসিংয়ের মৌমাছির গুঞ্জন-সংবলিত রেকর্ড বাজাচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, সাধারণত মৌমাছির গুঞ্জন শুনলে সেখানে হাতি আসে না।

এনএফআর মৌমাছির যে গুঞ্জন শোনাচ্ছে, তা ৬০০ মিটার দূর থেকেও শোনা যায়। ইন্টারনেট থেকে মৌমাছির এই গুঞ্জন ডাউনলোড করা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, কম খরচে এতে বেশি সুফল পাওয়া যাচ্ছে।

২০১৭ সালের শেষ থেকে রেল কর্তৃপক্ষ মৌমাছির গুঞ্জন ব্যবহার শুরু করেছে। তা ছাড়া এলিফ্যান্ট জোনে ধীরগতিতে ট্রেন চালানোর নির্দেশ রয়েছে। এ ছাড়া রেল কর্তৃপক্ষ হাতি আটকাতে রেললাইনের পাশে বিশেষ ধরনের বেড়া লাগানোরও উদ্যোগ নিয়েছে।