পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে করোনা শহীদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ জুলাই ভারতে দেশব্যাপী পালিত হচ্ছে চিকিৎসক দিবস। কিন্তু পশ্চিমবঙ্গে এই দিবসটি পালিত হচ্ছে করোনা শহীদ দিবস হিসেবে। রাজ্যটিতে করোনার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে ১৬৩ জন চিকিৎসকের মৃত্যু হয়। তাই রাজ্যটি আজকের দিনটিকে ‘করোনা শহীদ দিবস’ হিসেবে পালন করছে।

দিবসটিতে পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছে। চিকিৎসকেরাও দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছেন।

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট কৌশিক লাহিড়ি বলেছেন, দ্বিতীয় ঢেউয়ে মাত্র ৬৩ দিনে মারা গেলেন ৭৯৮ জন চিকিৎসক। তাই আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব চিরবিদায় নেওয়া আমাদের সতীর্থ চিকিৎসকদের। তাঁদের আত্মার মঙ্গল কামনা করব। করোনাযুদ্ধে তাঁদের অবদানের কথা, কৃতজ্ঞতার কথা স্মরণ করব।

রাজ্যের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলই বলেছেন,আরও বেশি করে টিকা দেওয়া গেলে এই মৃত্যু সংখ্যা কমে আসত।

ভারতে ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালন হয়ে আসছে। এই দিনে ভারতের প্রখ্যাত চিকিৎসকদের জন্মদিন এবং মৃত্যুদিন স্মরণের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে তাঁদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। আজও কলকাতাসহ সারা রাজ্যে স্মরণ করা হবে করোনা চিকিৎসা দিতে গিয়ে কোভিডের কাছে হেরে যাওয়া চিকিৎসকদের।