পশ্চিমবঙ্গে ফের সক্রিয় মাওবাদীরা!
ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদীদের ফের সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাওবাদীরা এই রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে। আগামী বছর ওই নির্বাচন হওয়ার কথা।
রাজ্যে মাওবাদীদের ফের সক্রিয় হয়ে ওঠার আভাস হিসেবে গত শনিবার ভারতের স্বাধীনতা দিবসে পুরুলিয়ার বলরামপুর এলাকায় মাওবাদীদের কালো পতাকা ওড়ানোর উদাহরণ টানা হচ্ছে।
ওই দিন মাওবাদীরা গ্রামগাঁয়ের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে দেয়। ছড়িয়ে দেয় প্রচারপত্র। এতে লেখা ছিল, ‘টিএমসির (তৃণমূল কংগ্রেস) দালালেরা হুঁশিয়ার, বাংলার বুকে এসেছি আবার, জঙ্গলমহল কাঁপবে আবার।’ পোস্টারের নিচে লেখা: ‘সিপিআই মাওবাদী’।
মাওবাদী নেতা ছত্রধর মাহাতসহ বন্দী অন্য শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবি জানানো হয় পোস্টারে। মাওবাদীদের কেন্দ্রীয় নেতা কিষেণজিকে হত্যার জবাবদিহি চাওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে কালো পতাকা, পোস্টার ও বিভিন্ন প্রচারপত্র উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ও প্রশাসন সূত্রে জানা যায়, ২০১১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে মাওবাদীরা তৎপর হয়ে ওঠে। তাদের মূল ঘাঁটি ছিল রাজ্যের মাওবাদী অধ্যুষিত পুরুলিয়া, বাঁকুরা ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল।
ওই সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে মাওবাদীরা পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল করে তুলেছিল। বনধ, হরতাল, নাশকতা চালিয়ে তারা জঙ্গলমহলকে প্রায় অচল করে দিয়েছিল।
মাওবাদীদের ওই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী নেতা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বস্ত করে বলেছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে মাওবাদীদের সমস্যার সমাধান করবেন।
পরে মাওবাদীরা বিধানসভা নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেয়। ২০১১ সালের ওই নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা। ক্ষমতায় এসে তিনি বিভিন্ন প্যাকেজ দিয়ে মাওবাদীদের আত্মসমর্পণে উদ্বুদ্ধ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী, বন্দী থাকা মাওবাদী নেতাদের মুক্তি দেননি তিনি। বরং পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদী নেতা কিষেণজির হত্যাকাণ্ড ঘটে।
জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হলেও মাওবাদী দমনের জন্য কার্যত তা বাস্তবায়িত হয়নি।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জঙ্গলমহলে মাওবাদীরা ফের পুনর্গঠিত হতে থাকে।