পশ্চিমবঙ্গে বন্যা: পাহাড়ধস, ৪ জনের মৃত্যু
চার দিনের টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সাতটি জেলা প্লাবিত হয়েছে। বন্যায় দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে পাহাড় ধসে মারা গেছে দুজন। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কার্শিয়াং শহর।
গত চার দিন ধরে চলছে উত্তরবঙ্গে একটানা বৃষ্টি। এর সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবন দেখা দিয়েছে। ফলে গজলডোবাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাঁধের জল ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
উত্তরাঞ্চলে প্রবাহিত তিস্তা, তোরসা, কালজানি, রায়ডাক, মহানন্দা, করলা, পাঙ্গা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই প্লাবনে ডুবে গেছে কৃষি খেত। বহু বাড়িঘর। জলমগ্ন হয়েছে রাস্তাঘাট, রেল লাইন। আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি রেললাইনের সাত কিলোমিটার ডুবে গেছে। ফলে আলিপুরদুয়ার-নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি এবং বক্সিরহাট-নিউ কোচবিহারের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেন আজ বাতিল করা হয়েছে।
প্রচণ্ড জলের চাপ সামাল দিতে জলপাইগুড়ির গজলডোবাসহ রাজ্যের বিভিন্ন বাঁধের জল ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভাসহ সাতটি পৌরসভার নির্বাচন আগামীকাল রোববার। এদিকে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির অধিকাংশ এলাকা ডুবে যাওয়ায় ভোট গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, বেশ কয়েকটি নির্বাচনের বুথ জলে ডুবে গেছে।
অন্যদিকে, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডুবে যাওয়ায় সেখানে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে অপারেশন থিয়েটার। শুধু জরুরি চিকিৎসা চলছে। কোচবিহারের দিনহাটা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কোচবিহার শহর জলের নিচে এখন। শিলিগুড়িতে মহানন্দার জল বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ডুবে গেছে শহরের একাংশ।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, এই বন্যার কারণ বৃষ্টি নয়, বাঁধের জল ছেড়ে দেওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। দিল্লিতে অবস্থানরত মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।