পশ্চিমবঙ্গে বন্যার ত্রাণ লুট

ভারতের পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। তবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
এদিকে পর্যাপ্ত ত্রাণ না পেয়ে আজ মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিসে হাজার খানেক বন্যার্ত মানুষ হামলা চালায়। তারা তছনছ করে গ্রাম পঞ্চায়েত অফিস। লুট করে নেয় পঞ্চায়েত অফিসে রাখা নানা সামগ্রী। এই ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেছেন পঞ্চায়েতের কর্মকর্তারা।
কলকাতা থেকে সড়ক ও রেলপথে উত্তরবঙ্গ ও আসাম যেতে হয় উত্তর দিনাজপুর এবং মালদহ হয়ে। কিন্তু এই দুই জেলার বহু জায়গার সড়ক ও রেলপথ পানিতে ডুবে থাকায় আজও কলকাতা থেকে কোনো বাস বা ট্রেন উত্তরবঙ্গ ও আসামের পথে যাত্রা করেনি। বাতিল করা হয়েছে ওই পথে চলাচলকারী বাস ও ট্রেন।
গতকাল শুক্রবারও উত্তর দিনাজপুরের শ্রীপুরে পুলিশের সামনেই সরকারি গুদাম থেকে ত্রাণসামগ্রী লুট করে বন্যার্তরা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের চকভৃগু পঞ্চায়েতের তিন সদস্যকে এদিন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বানভাসিরা। আবার মালতীপুরে স্থানীয় বিধায়ককে ত্রাণের জন্য হেনস্তা করে বন্যার্তরা।

এদিকে মালদহের হরিশ্চন্দ্রপুরে পান্ডুয়ায় একটি পাকা সেতু ভেঙে পড়ায় আজ বিছিন্ন হয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের অভিযোগ, নেপাল ও বিহারের ফুলহার নদীর প্লাবনে ডুবে গেছে এলাকা।
আজ উত্তর দিনাজপুরের পুলিশ সুপার রায়গঞ্জের ইটাল গ্রামে পানিতে নেমে দুর্গম এলাকায় উপস্থিত হয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এদিকে মালদহ ও উত্তর দিনাজপুরের বন্যার্তরা আশ্রয় নিয়েছে জাতীয় সড়কে।
প্রশাসন সূত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গে এবারের এই বন্যায় ৫২ জনের প্রাণহানি ঘটেছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিনজন। উত্তরবঙ্গে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ লাখ মানুষ।