পশ্চিমবঙ্গে বন্যায় ৫০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ৫০ জন মারা গেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলের সহায়তা চেয়েছে রাজ্য সরকার। বন্যার কারণে ছিটমহল সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করা হয়েছে ত্রাণ কমিটি।

পশ্চিমবঙ্গের ১৯টি জেলার মধ্যে ১২টি জেলা এবার বন্যাকবলিত। রাজ্যের দুর্গাপুর ব্যারাজ, মাইথন ব্যারাজসহ পাঞ্চেত, তিলপাড়া, ম্যাসাঞ্জোর, বৈধবা ও দেউচা ব্যারাজ থেকে পানি ছাড়ায় এই বন্যা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ৭২৮টি গ্রাম পঞ্চায়েত।

গতকাল রোববার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এই বন্যায় ১২টি জেলার ৩৬ লাখ ৯০ হাজার ৬২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৭ লাখ ২৬ হাজার ৪৫ হেক্টর কৃষিজমি। ৩৮ হাজার ৪৬টি ঘরবাড়ি ভেঙেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৯০১টি ঘরবাড়ি। পাঁচ হাজার ৬৭২টি গবাদিপশু মারা গেছে। গোটা রাজ্যে বজ্রপাতে মারা গেছেন ২২ জন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, মৃত ৫০ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। ১২টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ লাখ মানুষ। দুই লাখ বাড়িঘর ধসে পড়েছে। গৃহহীন হয়েছে প্রায় এক লাখ মানুষ।

রাজধানী কলকাতার অবস্থাও শোচনীয়। কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড এখনো জলমগ্ন। কলকাতার অনেক সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবাও। রাজ্যের এক হাজার ৫৩৭টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে প্রায় দুই লাখ ১৪ হাজার ৩০৬ জন।