পশ্চিমবঙ্গে বাংলাদেশি অপরাধীদের তথ্য চান মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ, বাংলাদেশের অপরাধীদের সম্পর্কে যা কিছু তথ্য ভারত সরকারের কাছে আসবে, তা যেন সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে জানানো হয়। এর ফলে অপরাধ ঠেকানো ও অপরাধীদের গ্রেপ্তার করা সহজ হবে।

গতকাল শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা আন্তরাজ্য পর্ষদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপারিশ করেন। ১০ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। দেশের প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন।

এই বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি বড় হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে বলেন, আজকের দিনে অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ বিশাল। চারদিকে যা ঘটছে, তার প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। সন্ত্রাস সবার কাছেই বড় চ্যালেঞ্জ। এর মোকাবিলাও সবাইকে নিয়ে করতে হবে। সে জন্য তথ্যের আদান-প্রদান হওয়া অত্যন্ত জরুরি।

এরই জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুপারিশ দেন। দিনভর সম্মেলনের পর কলকাতায় রওনা হওয়ার আগে সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তিনি বলেন, রাজ্যকে প্রয়োজনীয় তথ্য জানানোর দাবি তিনি জোরালোভাবে বৈঠকে জানিয়েছেন। বাংলাদেশে অপরাধ করে পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে অনেকেই থাকে বলে শোনা যায়। এই অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্যই রাজ্যকে কেন্দ্র জানায় না। অথচ এই তথ্য পেলে রাজ্য সতর্ক থাকতে পারে।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কিছুদিন আগে এক নার্স ধর্ষিত হয়েছিলেন। তদন্তের পর দেখা যায়,
অপরাধীরা বাংলাদেশি। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেও ধৃত ব্যক্তিদের বাংলাদেশি যোগসাজশ ধরা পড়ে। মমতা চান, ঢাকার কাছ থেকে দিল্লি এ ধরনের যে খবর পাবে, সঙ্গে সঙ্গেই যেন তা পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়। তথ্যের এই আদান-প্রদান অপরাধ কমানো ও অপরাধীদের গ্রেপ্তার করতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, নিরাপত্তা জোরদার করতে রাজ্যের পুলিশি ব্যবস্থায় যে সংস্কার প্রয়োজন, তার খরচ কেন্দ্রের দেওয়া দরকার।

মমতা এই প্রসঙ্গে বৈঠকে বলেছেন, আইনশৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়। অতএব নিছক আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রকে কিছু জানানোর মানে হয় না। তবে রাজ্য সরকার সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রকে অবহিত করবে।

মমতা আবার দিল্লি আসবেন ২৫ জুলাই। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে তিস্তা প্রসঙ্গ আলোচিত হবে বলে শোনা যাচ্ছে।