পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুই বার্জডুবি, ১৮ নাবিক কোয়ারেন্টিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি দুই বার্জ। ছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশি দুই বার্জ। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের পণ্যবাহী দুটি বার্জ গতকাল বৃহস্পতিবার সকাল ও বিকেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদী এবং সাগর থানা এলাকার মড়াগঙ্গা নদীতে ডুবে গেছে। দুই বার্জের ১৮ নাবিককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দুটি বার্জই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এবং পূজালির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই বা ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। বার্জ দুটির নাম এমভি তোফা অ্যান্ড তারিফ-৪ এবং এমভি ধ্রুব রূপন্তি।

বুধবার রাতে হুগলি নদীতে প্রচণ্ড বেগে জোয়ার আসায় তোফা অ্যান্ড তারিফ নামের বার্জের সারেং সামনের দিকে এগোতে পারছিলেন না। এ সময় সারেং হুগলি নদীর তীরের কাছে একটি খালে ঢোকার চেষ্টা করেন। রাতে বার্জটি ঘোড়ামারা দ্বীপের কাছে মন্তেশ্বর খালের কাছে এসে চড়ায় আটকে যায়।

বৃহস্পতিবার সকালে বার্জটির তলা ফেটে হঠাৎ ডুবে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এসে ওই বার্জে থাকা সারেংসহ ৮ জন নাবিককে উদ্ধার করে। কুলপি থানার পুলিশ এরপর বিদেশি হিসাবে এই ৮ জন বাংলাদেশি নাবিককে থানায় কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করে।

বাংলাদেশি দুই বার্জ। ছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশি দুই বার্জ। ছবি: ভাস্কর মুখার্জি

দ্বিতীয় বার্জটি বাংলাদেশে যাওয়ার পথে গতকাল বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার মড়াগঙ্গা নদীর দ্বিতীয় এলটিসি কচুবেড়িয়া ঘাটের অদূরে নদীতে থাকা বিদ্যুৎ টাওয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এই বার্জে সারেংসহ বাংলাদেশের ১০ জন নাবিক ছিল। সাগর থানার পুলিশ এসে এই বার্জে থাকা ১০ জন নাবিককে উদ্ধার করে তাঁদের থানায় কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করে।

দুটি থানা থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টকে খবর দেওয়া হয়েছে। পোর্ট ট্রাস্ট বার্জ দুটিকে উদ্ধারের উদ্যোগ নিয়েছে। দুটি বার্জই বাংলাদেশের সিমেন্ট কারখানার জন্য ফ্লাই অ্যাশ নিয়ে যাচ্ছিল।