পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১২
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামে গতকাল বুধবার রাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড় গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় ওই কারখানায় বাজির কারিগরেরা বাজি তৈরি করছিলেন। একজন কারিগরের বিড়ির ফুলকি থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানাটি পুড়ে যায়। এতে নিহত হন ১২ জন। এ ঘটনায় আহত চারজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিস্ফোরণে কারখানাটির মালিক রাম মাইতি ও তাঁর স্ত্রীও মারা গেছেন। রাম মাইতি তৃণমূল কর্মী রঞ্জন মাইতির কাছ থেকে বাজির কারখানার জন্য এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে।
কংগ্রেস ও বিজেপি এই বিস্ফোরণ ঘটনার এনআইএর তদন্তের দাবি জানিয়েছে। কংগ্রেসের নেতারা রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছেন। যদিও রাজ্য সরকার এই ঘটনা তদন্তের ভার তুলে দিয়েছে সিআইডির হাতে।
পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র আজ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শাসক দল এখন বিস্ফোরক মজুত করছে। বোমার কারখানা বানাচ্ছে। ইতিমধ্যে বিরোধী দলের নেতারা বিস্ফোরণ স্থল পরিদর্শন করে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে।
এ দিকে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, বাজি বানানোর নামে এই কারখানায় বোমা বানানো হতো। মূলত এটি ছিল বোমা তৈরির কারখানা। এখান থেকেই বোমা সরবরাহ করা হতো বাইরে।