পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটে চুরমার ত্রিপুরার কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি ভারতের ত্রিপুরা রাজ্যে। পশ্চিমবঙ্গে কংগ্রেস-বাম আঁতাতের জের ত্রিপুরায় কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের এ রাজ্যের নেতারা এখন দিল্লির বদলে গুয়াহাটি কিংবা কলকাতার দিকে তাকিয়ে। ১৯ মে পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত চাপা উত্তেজনা চলবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
ত্রিপুরার রাজ্য কংগ্রেসের সভাপতি সুদীপ রায় বর্মণকে বরখাস্তের সিদ্ধান্ত দলের বিক্ষোভকে প্রকাশ্যে নিয়ে এসেছে। প্রতিদিনই নেতা-কর্মীরা পদ ছাড়ছেন। সুদীপ বর্মণ শিবিরের দাবি, রাজ্যে কংগ্রেসের দশ বিধায়কের মধ্যে আটজনই রয়েছেন তাঁদের শিবিরে। এই শিবিরের অপর বরখাস্ত নেতা সুশান্ত চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা মহামঞ্চ করে রাজ্যে শাসক দল সিপিএমের বিরুদ্ধে লড়বেন। তবে মহামঞ্চে তাঁরা কোন দলের হয়ে থাকবেন সে বিষয়ে কিছুই বলেননি। সুশান্ত জানিয়েছেন, ১৯ মের পরই তাঁরা নিজেদের রাজনৈতিক অবস্থান ঘোষণা করবেন।
আর সুদীপ বর্মণ নিজের ঘনিষ্ঠদের নিয়ে কলকাতা গিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন।
রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সুদীপ বর্মণদের গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, সামান্য দু-একজন কংগ্রেস ছাড়লে ত্রিপুরায় তাঁদের শক্তি ক্ষয় হবে না। বরং বাম-বিরোধী আন্দোলন আরও তেজি হবে।
ত্রিপুরার প্রধান বিরোধী দলের এই অবস্থা দেখে বিজেপিও ঘোলাজলে মাছ ধরতে নেমেছে। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিদ্রোহী কংগ্রেস নেতাদের বিজেপিতে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, বিজেপি বর্তমানে উত্তর-পূর্ব ভারতে খুবই শক্তিশালী। আসামেও বিজেপি জিতবে বলেই তাঁর আশা।
কংগ্রেসের এই বিবাদকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ সিপিএম। পশ্চিম ত্রিপুরা জেলা সিপিএমের সম্পাদক পবিত্র কর প্রথম আলোকে বলেন, ‘অন্য রাজ্যের বিষয় নিয়ে ত্রিপুরায় অশান্তির কোনো মানে হয় না। তা ছাড়া পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হয়নি। আসন সমঝোতা হয়েছিল।’ ত্রিপুরাতেও একবার কংগ্রেস নেতা তরিত দাশগুপ্তের সঙ্গে সিপিএম সমঝোতায় গিয়েছিল বলেও দাবি করেন পবিত্র কর। তাঁর আরও দাবি, কংগ্রেস, বিজেপি বা তৃণমূল কারোরই ত্রিপুরায় কোনো জনভিত্তি নেই। তবে পশ্চিমবঙ্গে বাম জোট ক্ষমতায় এলে ত্রিপুরাতেও যে সিপিএমের কর্মীদের মনোবল বাড়বে, তা মেনে নেন পবিত্র কর।
কলকাতায় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় এলে ত্রিপুরাতে কংগ্রেস ভাঙবেই—এমনটাই মনে করেন প্রবীণ সাংবাদিক সঞ্জীব দেব। তিনি বলেন, ‘আসাম বা পশ্চিমবঙ্গের ভোটের ফলের ওপর ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ভর করছে। বিশেষ করে কংগ্রেস ও বিজেপির নেতাদের মতো তৃণমূলও তাকিয়ে আছে সেদিকেই।’