পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের পরাজয়ের নেপথ্যে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের ভরাডুবি এখনো মানতে পারছেন না এ জোটের নেতারা। ১৯ মের নির্বাচনের ফলাফল ঘোষণার পর হতাশ হয়ে পড়েছেন তাঁরা। তবে করছেন পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ। ভরাডুবির কারণ বের করতে নিজেদের মধ্যে আলোচনা-সমালোচনা চালিয়ে যাচ্ছেন।
এবার বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন বাম-কংগ্রেস নেতারা। একদিকে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, অন্যদিকে সিপিএমের নেতা সূর্যকান্ত মিশ্র বারবার রাজ্যবাসীকে বলে এসেছেন তাঁরাই জিতছেন নির্বাচনে। ৫ মে সন্ধ্যায় বুথফেরত জরিপ প্রকাশিত হওয়ার পরও ভেঙে পড়েননি বাম-কংগ্রেস নেতারা। তাঁরা জরিপ উপেক্ষা করে জোর দিয়ে বলেছিলেন, ১৬০ থেকে ১৬২ আসন পেয়ে তাঁরা জিততে চলেছেন।
সরকার গঠনের জন্য প্রয়োজন বিধানসভার ২৯৪টি আসনের ১৪৮টি। কিন্তু সব জল্পনা-কল্পনাকে দূরে ঠেলে ২১১ আসনে জিতে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল এ রাজ্যের শেষ কথা মুখ্যমন্ত্রী মমতা।
বাম-কংগ্রেস জোটের পরাজয় নিয়ে কেউ বলছেন, কট্টর বামপন্থীরা জোটকে মানতে পারেননি। কট্টর কংগ্রেসপন্থীরাও মানতে পারেননি জোটকে। তাঁদের কথা, যে বাম দলের সঙ্গে কংগ্রেসের অহি-নকুল সম্পর্ক; তারা কীভাবে পাশাপাশি আসতে পারল। ফলে দুই দলের কট্টরপন্থীরা হয়তো নিজ দলকে ভোট দেননি।
সিপিএম থেকে দাবি করা হয়, বহু আসনে অনেক কংগ্রেস-সমর্থক সিপিএমকে ভোট দেননি। তাঁরা ভোট দিয়েছেন তৃণমূলকে। আবার সারদা, নারদ ইত্যাদি কেলেঙ্কারি থেকে নিষ্কৃতি পেতে বিজেপি নতুন খেলা খেলেছে। তারাও বেশ কয়েকটি আসনে জিতিয়ে দিয়েছে তৃণমূলকে।
সিপিএমের নেতা কান্তি গঙ্গোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসনে সামান্য ভোটে হেরে যান অভিনেত্রী দেবশ্রী রায়ের কাছে। এটা ছিল অপ্রত্যাশিত। তৃণমূল কংগ্রেসের হিসাব থেকেও বাদ দেওয়া হয়েছিল আসনটি। কলকাতার সব সংবাদমাধ্যমও ইঙ্গিত দিয়েছিল এখানে হারছেন দেবশ্রী। কিন্তু হারলেন কান্তি গঙ্গোপাধ্যায়।
কান্তি গঙ্গোপাধ্যায় এ পরাজয়ের দায় চাপালেন দলের ওপর। বললেন, তাঁরা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেননি। বোঝাতে ব্যর্থ হয়েছেন, বাম-কংগ্রেস জোট ক্ষমতায় গেলে বিনা পয়সায় চাল দেবে রাজ্যের মানুষকে। নির্বাচনী ঘোষণাপত্রে যেসব আশ্বাস দেওয়া হয়েছিল, তা-ও সাধারণ ভোটারের কাছে পৌঁছায়নি। বরং সারদা, নারদ কেলেঙ্কারি নিয়ে বেশি প্রচার করেছে জোট। জোট বুঝতে ব্যর্থ হয়েছে যে, এ রাজ্যের মানুষ সারদা বা নারদ নিয়ে অত ভাবেন না। বিপরীতে তৃণমূল গ্রামগঞ্জে তাদের উন্নয়নের কথা ছড়িয়েছে। এই উন্নয়নের কাছে মেলানো হয়ে গেছে সারদা, নারদ কেলেঙ্কারি ও সরকারি দলের সব দুর্নীতি।
মমতার কণ্যাশ্রী প্রকল্প, সবুজসাথি প্রকল্পে স্কুলে সাইকেল ও জুতা বিতরণ, গরিবদের দুই টাকা মূল্যে চাল প্রদান এবং গাঁও-গ্রামের রাস্তাঘাট পাকা করার উদ্যোগই তাঁর জয়ের পথ প্রশস্ত করেছে। অথচ সারদার কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করলেও সে ব্যাপারে মাথাব্যথা ছিল না সাধারণ মানুষের।
এক সমীক্ষায় দেখা গেছে, শহরাঞ্চলের মানুষ যেমন মমতাবিরোধী ছিল, তেমনি গ্রামাঞ্চলের মানুষ ছিল মমতামুখী। তাই মমতা বিপুল ভোটে ২১১ আসনে জিতলেও ভোটের হিসাবে দেখা গেছে, মমতা জিতেছেন মাত্র ৩৮ লাখের কিছু বেশি ভোটের ব্যবধানে।